সাংসদদের সরকারিভাবে আপাতত কোনো প্লট দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। গতকাল বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর-পর্বে তিনি এ কথা জানান।
ছবি বিশ্বাসের এ সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজউকের বিভিন্ন আবাসিক প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে সাংসদদের ইতিমধ্যে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে রাজউকের নতুন কোনো আবাসিক প্রকল্প গ্রহণের পরিকল্পনা নেই। সে জন্য সাংসদদের প্লট বরাদ্দ করার আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে রাজউকের একাধিক প্রকল্পে ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এসব ফ্ল্যাট বরাদ্দের জন্য আবেদন চাওয়া হলে তাতে সাংসদেরা আবেদন করতে পারবেন।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে রাজউক নিবন্ধিত হাউজিং সোসাইটির সংখ্যা ১২৯টি। নিবন্ধন ছাড়া কেউ আবাসন ব্যবসা চালালে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে সংসদকাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী জানান, ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন গঠনের পর থেকে এ পর্যন্ত কমিশনের ২৮ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ গ্রহণের দায়ে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এঁরা হলেন উপপরিচালক ঢালী আবদুস সামাদ, শফিকুল ইসলাম, আহসান আলী, এম এম শাব্বির হাসান, কামরুল আহসান ও আবু নাসির (সাবেক সহকারী পরিচালক); সহকারী পরিদর্শক নিজাম উদ্দিন, আবুল হাসেম, আবু নছর, রইস উদ্দিন ও মফিজুর রহমান; কন্ট্রোল অপারেটর আবদুর রহমান, হাবিব উল্লা ও আবু ইউসুফ শাহ; কনস্টেবল মিজানুর রহমান, গোলাম রসুল, হারুন অর রশীদ ভূঁইয়া, মোতালেব খন্দকার, ফারুক আহমেদ, খসরু জাহান, আবদুল মুতালিব, গোলাম রাব্বানী, শহীদুর রহমান ভূঁইয়া, নাজমুল হুদা, মোশায়েকুর রহমান খাদেম, ইমরান হোসেন হায়দার ও আমিত কুমার দাস এবং নিরাপত্তারক্ষী জুবায়েদুল ইসলাম।
‘প্রশ্নপত্র সম্পৃক্তরা নজরদারিতে’: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসম্পর্কিত রুস্তম আলী ফরাজীর সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র তৈরির সঙ্গে সম্পৃক্তদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। বিজি প্রেসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মন্ত্রী বলেন, কতিপয় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র একধরনের প্রশ্নপত্র তৈরি করে বাজারে ছেড়ে শিক্ষর্থীদের ধোঁকা দিচ্ছে।