সাংসদদের আপাতত প্লট দেওয়া হবে না: পূর্তমন্ত্রী
সাংসদদের সরকারিভাবে আপাতত কোনো প্লট দেওয়ার পরিকল্পনা নেই। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এ কথা জানান।
সাংসদ ছবি বিশ্বাসের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজউকের বিভিন্ন আবাসিক প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে সাংসদদের ইতিমধ্যে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে রাজউকের নতুন কোনো আবাসিক প্রকল্প গ্রহণের পরিকল্পনা নেই। সে জন্য সাংসদদের প্লট বরাদ্দ দেওয়ার আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে রাজউকের একাধিক প্রকল্পে ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এসব ফ্ল্যাট বরাদ্দের জন্য আবেদন চাওয়া হলে তাতে সাংসদেরা আবেদন করতে পারবেন।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, বর্তমানে রাজউক নিবন্ধিত হাউজিং সোসাইটির সংখ্যা ১২৯ টি। নিবন্ধন ছাড়া কেউ আবাসন ব্যবসা চালালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রশ্নপত্র তৈরির সঙ্গে সম্পৃক্তরা নজরদারিতে: সাংসদ রুস্তম আলী ফরাজীর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র তৈরির সঙ্গে সম্পৃক্তদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। বিজি প্রেসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘কতিপয় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র এক ধরনের প্রশ্নপত্র তৈরি করে বাজারে ছেড়ে শিক্ষার্থীদের ধোঁকা দিচ্ছে। তারা এক ধরনের সাজেশন টাইপের প্রশ্নপত্র তৈরি করে ফেসবুকে ছেড়ে দেয়। সেখানে মূল প্রশ্নের সঙ্গে তিন-চারটি প্রশ্নের হয়তো মিল থাকে। সেটি কখনোও মূল প্রশ্নপত্র ফাঁস নয়। এদের কারণে অনেকে রটিয়ে থাকেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ’