সাংসদদের উপস্থিতি কম, ঢিলেঢালা সংসদ
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে থাকায় জাতীয় সংসদের বৈঠকে সাংসদদের উপস্থিতি প্রায় অর্ধেকে নেমে এসেছিল। মন্ত্রিসভার বৈঠকের কারণে আজ সোমবার সংসদের বৈঠকে অংশ নিতে পারেননি অন্যান্য মন্ত্রীরাও। আর এ সময় সংসদ অধিবেশন ছিল অনেকটা ঢিলেঢালা।
সংসদ নেতা না থাকতে পারলেও অনুপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। আর বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ জাতীয় পার্টির অধিকাংশও উপস্থিত ছিলেন না। অন্যদিকে বরাবরের মতো ঘুমিয়ে সময় কাটান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ।
আজ দুপুর ১২টায় প্রস্তাবিত বাজেটের আলোচনার সময় সংসদের কক্ষে ৩৫০ জন সাংসদের মধ্যে উপস্থিত ছিলেন দেড়’শ জনের মতো। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বাজেটের ওপর বক্তব্য রাখার সময় আসনে ঘুমাচ্ছিলেন সাহারা খাতুন।
অন্যদিকে বৈঠকে সভাপতিত্ব করা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার দিক থেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলেন নুর ই আলম চৌধুরী লিটন ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। তাদের মুখোমুখি ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী, আলী আশরাফ, বি এম মোজাম্মেল হক, হুইপ ইকবালুর রহিম। পরে তাদের সঙ্গে যোগ দেন জাহিদ আহসান রাসেল।
অন্যদিকে ঢাকা-১৯ আসনের সাংসদ এনামুর রহমান ফোনে উচ্চ স্বরে কথা বলছিলেন যা সাংবাদিক গ্যালারি থেকে শোনা যাচ্ছিল। বিরোধী দলের আসনে থাকা জাতীয় পার্টির সালমা ইসলামও ছিলেন গল্পগুজবে মশগুল। তার সঙ্গে আরেকজন সদস্যও গল্প করছিলেন।
এ ছাড়া সরকারি দলের সামনের আসনে সাবেক মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ছাড়া আর কেউ ছিলেন না। আর বিরোধী দলের আসনে ছিলেন মাত্র দুজন। এরা হলেন কাজী ফিরোজ রশীদ ও জিয়াউদ্দিন বাবলু। এভাবে ঢিলেঢালাভাবে চলছিল সংসদের আজকের বৈঠক।