এক সপ্তাহের মধ্যে সাংসদদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, এর ফলে সরকার শুল্কবাবদ ৪০০ কোটি টাকা পাবে না।সাংসদদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগের পক্ষে অর্থমন্ত্রী বলেন, এ সুবিধা তাঁরা পেতেই পারেন। মন্ত্রী, সচিব, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) গাড়ির সুবিধা পেয়ে থাকেন। আর সাংসদেরা তো আইন প্রণেতা। গাড়ি সুবিধা তাঁদের প্রাপ্য।গতকাল রোববার সচিবালয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ২০০০-০৯ অর্থবছরের লভ্যাংশপত্র হস্তান্তরের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ দেওয়া হলেও এবার কিছু সীমারেখা বেঁধে দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ঢালাও সুযোগের পরিবর্তে গাড়ির ব্র্যান্ড, সিসি ও আকার নির্ধারণ করে দেওয়া হবে। অর্থাত্ কোনোভাবেই বিলাসবহুল গাড়ি আমদানির সুযোগ থাকবে না। অতীতে অনেকে শুল্কমুক্ত বিলাসবহুল গাড়ি এনে তা বিক্রি করে দিয়েছেন, সেই সুযোগ রাখা হবে না এবার।অর্থমন্ত্রী বলেন, প্রথমদিকে সাংসদদের সরকারিভাবেই গাড়ি কিনে দেওয়ার চিন্তা করা হয়েছিল। এ ব্যাপারে গত সপ্তাহে স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেছেন, পরিবহন পুল নেই, এত গাড়ি রাখার জায়গা নেই। অর্থাত্ স্পিকার এতে রাজি হননি। তা ছাড়া পুলের ক র্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নানা চুরি-চামারির অভিযোগ রয়েছে।অর্থমন্ত্রী বলেন, সাংসদদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির প্রস্তাবটি প্রথম দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীকে। যথার্থতা যাচাইয়ের জন্য প্রধানমন্ত্রী তা পাঠিয়ে দেন স্পিকারের কাছে। তাঁর সঙ্গে আলোচনা হয়েছে মাত্র। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীকে জানানো হবে।সরকারিভাবে কিনে দিতে গেলে গণখাতে ক্রয় আইন (পিপিএ) এবং ক্রয় বিধি (পিপিআর) অনুসরণ করার বাধ্যবাধকতার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এতে আরও এক বছর সময় লেগে যাবে। সংসদ সদস্য (বেতন ও ভাতা) আদেশ, ১৯৭৩ অনুযায়ী, সাংসদদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ রাখা হয়েছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। ২০০৭ সালে এ সুযোগ বাতিল করা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে তা বাতিল করলেও ওই অধ্যাদেশকে জাতীয় সংসদে আইন হিসেবে পাস করা হয়নি।