সাংসদদের চেয়ে আমলাদের বেশি বেতনে আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদদের চেয়ে আমলাদের বেতন বেশি হওয়ায় আপত্তি তুলেছে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। তারা নিজেদের আপত্তির কথা জানাতে আগামী ১৮ ফেব্রুয়ারি কমিটির বৈঠকে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগকে আমন্ত্রণ জানাবে।
গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের এ কথা বলেন। বৈঠকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন-ভাতাদি সংশোধন বিলের ওপর আলোচনা হয়।
সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, চারটি বিলের প্রতিবেদন চূড়ান্ত করে সংসদে প্রতিবেদন দেওয়া হবে। তবে সংসদ সদস্যদের বেতন-ভাতা নিয়ে আপত্তি থাকায় আগামী ১৮ ফেব্রুয়ারি কমিটি অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে বৈঠক করবে। আশা করা যায়, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে যাওয়া যাবে।
নতুন বেতনকাঠামোয় মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মূল বেতন ৮৬ হাজার টাকা এবং জ্যেষ্ঠ সচিবদের বেতন ৮২ হাজার টাকা হয়েছে। অন্যদিকে প্রস্তাবিত আইনে সাংসদদের বেতন ৫৫ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।
বৈঠকে উপস্থিত একাধিক সদস্য প্রথম আলোকে বলেন, জাসদের মঈন উদ্দীন খান বাদল কমিটির বৈঠকে বিলে প্রস্তাবিত সাংসদদের বেতন-ভাতা নিয়ে আপত্তি তোলেন। তিনি বলেন, আমলাদের চেয়ে সাংসদদের বেতন কম, এতে সাংসদদের মর্যাদা কমে গেছে। বিষয়টি নিয়ে আলোচনার পর কমিটির সদস্যরা পদমর্যাদাক্রম তালিকায় (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) সাংসদদের মর্যাদা বাড়িয়ে দেওয়ার দাবি করেন।
এ বিষয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আমলাদের বেতন বাড়তে বাড়তে ৮৬ হাজার টাকা করা হয়েছে। আর সংসদ সদস্যদের জন্য ৫৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। এখানে অজুহাত দেখানো হয়েছে, সংসদ সদস্যরা তো বেতন নেন না, ভাতা নেন। ভাতা তো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও নেন। তাঁদের যুক্তি, রাষ্ট্রপতি হলেন প্রজাতন্ত্রের সবার ওপরে, তাই তাঁর বেতন এক নম্বরে রাখা হয়েছে। সাংসদেরা পারিতোষিক পান। যদি সেটাই হয়, তাহলে সম্মানী এক টাকা করে দিন, আর ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে মর্যাদা বাড়িয়ে দিন।
সুরঞ্জিত সেন আরও বলেন, সাংসদদের সম্মানী-ভাতা বাড়ানোর প্রস্তাব করা হলেও অন্যান্য ভাতা বাড়েনি। সবকিছুর প্রাণ ভোমরা হলেন ১৫১ সদস্য। ১৫১ জন হলেই তো সরকার গঠন হবে, সংসদ থাকবে, তারপরেই না আমলা বা অন্যদের বেতন-ভাতা বাড়বে।
সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে কমিটির সদস্য শামসুল হক, জিয়াউল হক মৃধা ও সফুরা বেগম বৈঠকে অংশ নেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মঈন উদ্দীন খান বাদল ও কামরুন নাহার জলি।