সাংসদদের জন্য আবারও গুচ্ছ প্রকল্প চালুর সুপারিশ
সাংসদদের অনুকূলে অর্থ বরাদ্দের জন্য আবারও আমব্রেলা (গুচ্ছ) প্রকল্প চালুর সুপারিশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি প্রত্যেক সাংসদের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করতে বলেছে। গতকাল রোববার সংসদ ভবনে কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বৈঠকে কমিটির সদস্যরা বলেন, অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়নে সাংসদেরা যাতে ভূমিকা রাখতে পারেন, সে জন্য এই প্রকল্প নতুন করে চালু করা দরকার। এ জন্য তারা বরাদ্দ ২০ কোটি টাকা করার সুপারিশ করে। ২০০৯ সালে নবম সংসদের সাংসদদের জন্য এই প্রকল্পের আওতায় ১৫ কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছিল।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, কমিটি স্থানীয় সরকার বিভাগ থেকে বিভিন্ন জেলায় এডিপি বাস্তবায়নে বরাদ্দ করা অর্থ ভারসাম্যপূর্ণ করা এবং বরাদ্দের ক্ষেত্রে স্থানীয় সাংসদদের সঙ্গে আলোচনা করে প্রকল্প গ্রহণ করার সুপারিশ করে।
কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান, রহমত আলী, সাবের হোসেন চৌধুরী, এ কে এম মোস্তাফিজুর রহমান, ফজলে হোসেন বাদশা, এ কে এম সেলিম ওসমান ও রহিমা আকতার অংশ নেন।