সাংসদদের জন্য ঈদ বোনাস ও পেনশন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে বাজেট আলোচনায় সাংসদদের জন্য ঈদ বোনাস ও পেনশন দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ ইউনুস আলী সরকার। গতকাল বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এ দাবি করেন।
ইউনুস আলী সরকার বলেন, ‘আমরা বোনাস পাই না। অনেক স্তর পার হয়ে এখানে আসতে হয়। আমরা পেনশনও পাই না। আমরা কেন পিছিয়ে থাকব?’ সাংসদদের নিয়ে সমালোচনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বলা হয়, এমপিরা নাকি চোর। টিআর-কাবিখার টাকা চুরি করে। এখানে এমন অনেকেই আছেন, যাঁরা ১২০ টাকার লুঙ্গি পরেন।’
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে আইনপ্রণেতাদের সভাপতি মনোনীত হওয়া নিয়ে আদালতের রায়ে ‘অসন্তোষ’ প্রকাশ করেন সরকারদলীয় সাংসদ মোতাহার হোসেনও।
তিনি বলেন, ‘এমপিরা নাকি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না। আমার কথা হচ্ছে, একজন জনপ্রতিনিধির চেয়ে জনগণের দুঃখ-কষ্ট আর কেউ বেশি বুঝবে এটা আমি বিশ্বাস করি না।’ তিনি বলেন, ‘আমি ১ লাখ ৯২ হাজার ভোটে নির্বাচিত হয়ে সংসদে এসেছি। আমাদের চেয়ে কি ডিসি-ইউএনওরা উন্নয়ন ভালো বুঝবে?’
আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের এম এ মালেক, ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, গোলাম মোস্তফা, রহিমা আক্তার, হোসনে আরা লুৎফা ডালিয়া ও জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন।
আলোচনা শেষে অধিবেশনে সভাপতিত্বকারী সভাপতিমণ্ডলীর সদস্য মো. আলী আশরাফ আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন।