সাংসদদের তদবিরে বন্ধ অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার নোটিশ দিয়েও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কোনো অভিযান পরিচালনা করেনি তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ কারণে গ্যাসের অবৈধ সংযোগ দেওয়ার প্রবণতা আরও বেড়েছে।
‘আওয়ামী লীগের গ্যাস ডাকাতি’ শিরোনামে গত ৬ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রধান প্রতিবেদন প্রকাশিত হয়। এর দুদিন পর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেয়। তাতে বলা হয়, যাঁরা অবৈধভাবে গ্যাস-সংযোগ নিয়েছেন, নিজ দায়িত্বে এক সপ্তাহের মধ্যে তা বিচ্ছিন্ন করতে হবে। তা না হলে আইন প্রয়োগকারী সংস্থা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।
এরপর গাজীপুরসহ ঢাকার আশপাশের কয়েকটি উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালানো হলেও নারায়ণগঞ্জের সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার ও বন্দর উপজেলায় কোনো অভিযান পরিচালনা করা হয়নি। স্থানীয় সাংসদদের তদবিরে উপজেলা পরিষদ নির্বাচনের আগে এই অভিযান বন্ধ রাখা হয় বলে জানা গেছে। একজন সাংসদ প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিতও করেছেন। তিনি এও বলেছেন, সরকার চাইলে এখন অভিযান চালাতে পারে।
তিতাস গ্যাসের স্থানীয় দপ্তর, গ্যাস-বাণিজ্যের সঙ্গে যুক্ত লোকজন ও সংযোগ গ্রহণকারীদের সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সোনারগাঁ উপজেলার নয়টি ইউনিয়নের ১২ হাজারের বেশি বাড়িতে আওয়ামী লীগের নেতারা গ্যাস কমিটি গঠন করে অবৈধ সংযোগ দিয়েছেন। এর জন্য গ্রাহকপ্রতি গড়ে ৪৫ হাজার টাকা করে প্রায় ৫৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
কিন্তু ঘোষণা দিয়েও তিতাস অভিযান না করায় এই চক্রটি বেপরোয়া হয়ে উঠেছে। সূত্রগুলো বলছে, গত আড়াই মাসে আরও ছয় হাজার অবৈধ সংযোগ বিক্রি করেছে ক্ষমতাসীনদের এই গ্যাস কমিটি। আগে বিদ্যুতের তারের মতো ঘরবাড়ি ও গাছপালার ওপর দিয়ে লাইন টেনে সংযোগ দিলেও এখন মাটির নিচে পাইপ বসিয়ে সংযোগ দিচ্ছে।
উপজেলার পিরোজপুর, বৈদ্যেরবাজার, মোগরাপাড়া, সনমান্দি, নোয়াগাঁও, জামপুর, কাঁচপুর, সাদিপুর ও শম্ভুপুরা ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন নতুন সংযোগের কাজ চলছে।
জানতে চাইলে তিতাসের সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবু জাফর সুলতান আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর কেন অভিযান পরিচালনা করা হয়নি তা আমি জানি না। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কখন কী সিদ্ধান্ত নেবে, তা আমার মতো অফিসারের জানার কথা নয়।’
গ্যাস কমিটি সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারিতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার বিজ্ঞপ্তি প্রচারের পর নারায়ণগঞ্জের সরকারদলীয় চারজন সাংসদ সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ও নেতাদের সঙ্গে বৈঠক করেন। স্থানীয় সাংসদেরা সরকারের উচ্চপর্যায়কে বোঝান, উপজেলা পরিষদ নির্বাচনের আগে এই হাজার হাজার সংযোগ বিচ্ছিন্ন করা হলে নির্বাচনের ফলাফলে এর নেতিবাচক প্রভাব পড়বে। তাঁরা উপজেলা পরিষদ নির্বাচনের পর অভিযানের পক্ষে মত দেন।
এই তথ্যের ভিত্তিতে যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের একজন সাংসদ নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোর কাছে এই তথ্যের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ভোটের রাজনীতিতে ক্ষতির কথা চিন্তা করেই উপজেলা নির্বাচনের আগে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন না করতে তাঁরা তদবির করেছিলেন। তবে এখন নির্বাচন শেষ, সরকার ইচ্ছে করলে যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে।
জানতে চাইলে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভুইয়া বলেন, ‘আমি সব সময়ই এ অবৈধ গ্যাস-সংযোগের বিপক্ষে ছিলাম। অবৈধ কাজ করে ভোটারদের আমাদের দলের পক্ষে আনা আমি সমর্থন করি না।’