সাংসদদের তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ সচিবালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সাংসদদের তালিকা গতকাল বুধবার নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নাজমুল হক স্বাক্ষরিত এক চিঠিতে মোট ৩৪৯ জন সাংসদের নাম, বিভক্তি সংখ্যা (আসন নম্বর) এবং সংসদীয় এলাকা উল্লেখ করে এই তালিকা পাঠানো হয়েছে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ আব্দুল জলিলের মৃত্যুর কারণে তাঁর নাম তালিকায় উল্লেখ করা হয়নি। এ তালিকা চেয়ে কমিশন সচিবালয় ১ এপ্রিল সংসদ সচিবালয়কে চিঠি দেয়।রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী এখন নির্বাচন কমিশন সাংসদদের নাম ও বিভক্তি সংখ্যা উল্লেখ করে ভোটার তালিকা প্রস্তুত করবে। এরপর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ গতকাল বলেন, সংসদের আগামী অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচনের কাজ শেষ করা হবে।গত ২০ মার্চ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে পদটি শূন্য রয়েছে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুসারে আগামী ১৮ জুনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের কাজ শেষ করতে হবে।২১ এপ্রিল সংসদের অধিবেশন শুরু: এদিকে গতকাল সংসদ সচিবালয় থেকে জানানো হয়, ২১ এপ্রিল রোববার বিকেল সাড়ে পাঁচটায় নবম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন আহ্বান করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে তিনি এই অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশন হবে সংক্ষিপ্ত।এই অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে বলে জানা গেছে।