সাংসদদের তোপের মুখে বিমানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিশ্রুতি সত্ত্বেও বরিশাল ও সৈয়দপুর বিমানবন্দর চালু না হওয়ায় জাতীয় সংসদে গতকাল বুধবার সরকারি দলের সাংসদদের তোপের মুখে পড়েন বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। এ নিয়ে প্রশ্নোত্তরপর্বে সরকারি দলের সাংসদেরা হইচই করে ক্ষোভ জানান। প্রশ্নোত্তরপর্বে সরকারি দলের ধীরেন্দ্র দেবনাথ বরিশালে বিমানের ফ্লাইট না যাওয়া নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। তিনি বলেন, ‘মন্ত্রীর বক্তব্য শুনে মনে হচ্ছে বিমান আর টিকে থাকবে না। বিমান টিকিয়ে রাখতে হলে বরিশালে ফ্লাইট চালু করতে হবে।’ এ সময় অধিবেশনকক্ষে সরকারি দলের সদস্যরা হইচই শুরু করেন। জবাবে মন্ত্রী বলেন, উত্তরবঙ্গে যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় এখন কম সময়ে কম খরচে সড়কপথেই সেদিকে যাওয়া যায়। এ কারণে বিমানের যাত্রীসংখ্যা কমে গেছে। ফলে বিমান বাধ্য হয়েই ফ্লাইট বন্ধ করে দিয়েছে। আর দ্রুতই বিমানের শেয়ার বাজারে ছাড়া হবে বলে বিমানও লোকসান বাড়াতে চায় না। তবে পুনরায় সৈয়দপুরে ফ্লাইট চালু এবং বেসরকারি ফ্লাইট চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে।মন্ত্রীর এ বক্তব্যের পর সরকারি দলের আরেক সাংসদ মারুফ সাকলাইন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোনো অজুহাত নয়। আপনাকে আজই জানাতে হবে, কবে থেকে সৈয়দপুরে ফ্লাইট চালু হবে।’ এ সময় সাংসদেরা টেবিল চাপড়ে তাঁকে সমর্থন জানান। এর পর মন্ত্রী এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।