জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় গ্রুপ (এপিপিজি) ১৫ বছর ধরে সংসদ ও সাংসদদের নামে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে টাকা আনলেও এর হিসাব তারা সংসদে জমা দেয়নি। সম্প্রতি সংসদ থেকে হিসাব চাইলে এপিপিজির উদ্যোক্তা সংস্থা পিপলস এমপাওয়ারমেন্ট ট্রাস্ট (পিইটি) সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।
আইনগতভাবে সংসদের সঙ্গে এপিপিজির সম্পর্ক নেই। যুক্তরাজ্য এবং ভারতেও এপিপিজি স্বাধীনভাবে কাজ করে। তবে বছর শেষে তারা আর্থিক প্রতিবেদন সংসদে জমা দেয়।
এ বিষয়ে সংসদবিষয়ক গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নিজাম আহমেদ প্রথম আলোকে বলেন, সংসদ সচিবালয়ের সঙ্গে এপিপিজির কোনো সম্পর্ক থাকার কথা নয়। কিন্তু তাদের যাবতীয় কর্মকাণ্ড সংসদ সচিবালয় থেকে পরিচালিত হয়েছে। সে জন্য পিইটির উচিত সংসদের কাছে হিসাব জমা দেওয়া।
সংসদ সচিবালয় সূত্র জানায়, স্পিকার শিরীন শারমিন চৌধুরী বর্তমান সংসদের শুরুতে পিইটি ও এপিপিজির সঙ্গে সংসদের সংশ্লিষ্টতা এবং এর আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি এখন পর্যন্ত উন্নয়ন সহযোগীদের কাছ থেকে কী পরিমাণ টাকা এসেছে এবং কত ব্যয় হয়েছে, তার হিসাব জানতে চান। কিন্তু সংসদ সচিবালয় ও পিইটি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। এরপর স্পিকারের নির্দেশে এপিপিজির কার্যালয় সংসদের মূল ভবন থেকে সরিয়ে মন্ত্রী হোস্টেলে স্থানান্তর করা হয়। অচিরেই তাদের মন্ত্রী হোস্টেলের কক্ষও ছাড়ার নির্দেশ দেওয়া হতে পারে। এ ছাড়া গত মাসে বিশ্ব জলবায়ু সম্মেলনে এপিপিজি থেকে দুই সাংসদসহ পিইটির নির্বাহী পরিচালক শিশির শীল অংশ নিতে সরকারি আদেশের জন্য নথি উত্থাপন করলে স্পিকার তাতে সই করেননি।
এ ছাড়া এখনো এপিপিজির প্যাডে জাতীয় সংসদের লোগো ও ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করা হচ্ছে।
২০০৩ সালে সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যদের নিয়ে এপিপিজি গঠিত হয়। স্পিকার প্রধান উপদেষ্টা এবং ডেপুটি স্পিকার কো-চেয়ারম্যান মনোনীত হন। তবে সাংসদ না হয়েও শিশির শীল সেক্রেটারি জেনারেল মনোনীত হন।
শুরু থেকে এ পর্যন্ত এপিপিজি এইচআইভি-এইডস, মানবপাচার, অভিবাসন, শিক্ষা, সহশ্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি), দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি), জলবায়ু ইত্যাদি বিষয়ে কাজ করেছে। এসব কর্মসূচির জন্য পিইটি কমনওয়েলথ অ্যাডুকেশন ফান্ড, ইউনিসেফ (জাতিসংঘ শিশু তহবিল), ইউএনএফপিএ (জাতিসংঘ জনসংখ্যা তহবিল), ইউএনডিপি (জাতিসংঘ উন্নয়নসহ কর্মসূচি) একাধিক উন্নয়ন সহযোগীর কাছ থেকে অনুদান নেয়।
এ বিষয়ে তথ্য অধিকার আইনের আওতায় তথ্য চাইলে সংসদ সচিবালয় জানায়, সংসদ সচিবালয়ের সঙ্গে এপিপিজির সম্পর্ক নেই। এপিপিজির গঠন, অর্থ সংস্থান, আয়-ব্যয়ের হিসাব ও কর্মকাণ্ড সম্পর্কে সংসদে কোনো তথ্য নেই।
পিইটির তথ্যানুযায়ী, ২০০৩ থেকে ২০১৪ পর্যন্ত এপিপিজির ব্যয় হয়েছে ৬ কোটি ৫৬ লাখ ৭৬ হাজার ২০৮ টাকা। তবে হিসাবটি একতরফা উল্লেখ করে সংসদ সচিবালয়ের কয়েকজন শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা বলেছেন, এ হিসাব সরকারের নিরীক্ষা বিভাগ থেকে যাচাই হয়নি। সংসদেও তারা আর্থিক প্রতিবেদন জমা দেয়নি।
জানতে চাইলে পিইটির নির্বাহী পরিচালক শিশির শীল প্রথম আলোকে বলেন, এপিপিজির সব কর্মকাণ্ড সংসদের স্পিকার ও সচিবের অনুমোদন নিয়ে পরিচালিত হয়েছে। এপিপিজি কমিশনের কাছে যেসব হিসাব জমা দেওয়া হয়েছিল তা সংসদের ইন্টারপার্লামেন্টারি অ্যাফেয়ার্স (আইপিএ) শাখাতে জমা থাকার কথা। এখন সংসদ যদি বলে এপিপিজির সঙ্গে সংসদের সম্পর্ক নেই এবং তাদের কাছে আয়-ব্যয়ের কোনো হিসাব নেই—সেটা সঠিক নয়।
তবে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, এপিপিজির সঙ্গে সংসদের প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই। তা সত্ত্বেও সংসদকে কোনো না কোনোভাবে সম্পৃক্ত করা হয়। যে কারণে এর আয়-ব্যয়ের হিসাবে স্বচ্ছতা থাকা উচিত। কিন্তু স্বচ্ছতা পাওয়া যায়নি। অতীতে কিছু ভুল হয়েছে। নতুনভাবে ভুল করে সংসদ কোনো দায় নেবে না।