সংসদ সদস্যদের নামে পরিত্যক্ত বাড়ি বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই। এসব বাড়ি কেবল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মধ্যে বরাদ্দ ও বিক্রি করার বিধান আছে।
জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার সেলিনা বেগমের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। এ-সংক্রান্ত প্রশ্নে সেলিনা বেগম জানতে চান, সাংসদদের পরিত্যক্ত বাড়ি বরাদ্দ দেওয়া হবে কি না। এ প্রশ্নের জবাবে গণপূর্তমন্ত্রী আরও জানান, ঢাকা শহরে পরিত্যক্ত বাড়ির সংখ্যা ৬ হাজার ৪৬৮টি। এর মধ্যে ২৪৩টি বাড়ি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য সংরক্ষিত। ২ হাজার ৬৯৭টি বাড়ি বিক্রি করা হয়েছে। আদালতের নির্দেশে ১ হাজার ১৫টি বাড়ি অবমুক্ত করা হয়েছে।
সাড়ে পাঁচটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এরপর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
মনোয়ারা বেগমের প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন জানান, সাম্প্রতিক ভূমিকম্পে রাজধানী ঢাকার ১২টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাজউক চিহ্নিত করেছে। এসব ভবন অপসারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরামর্শ চাওয়া হয়। তাদের পরামর্শ অনুযায়ী ভবনগুলোর অংশবিশেষ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
কাজী নাবিল আহমদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির নীতিমালা প্রণয়নের কাজ চলছে। বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে যোগ্য প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে।