সাংসদদের নিজ নিজ এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রবমূল্য তদারক করার প্রস্তাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি নিজেও বাজারদর পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে।গতকাল রোববার সংসদ ভবনে কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় চাল, ডাল, ভোজ্যতেল, চিনি ও আটা—এই পাঁচটি পণ্যকে জরুরি জাতীয় পণ্য বিবেচনা করে দাম জনগণের নাগালের মধ্যে রাখার সুপারিশ করা হয়। এসব পণ্যে পর্যাপ্ত ভর্তুকি দেওয়ারও পরামর্শ দিয়েছে কমিটি।সভায় আগামী বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়। সভায় বলা হয়, একশ্রেণীর ব্যবসায়ীর কারণে জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এক জেলার সঙ্গে আরেক জেলার বাজারদরেও অস্বাভাবিক পার্থক্য দেখা যায়। স্থানীয়ভাবে সাংসদেরা বাজারের খোঁজখবর রাখলে অনেক ক্ষেত্রে এই সমস্যা এড়ানো সম্ভব।