সাংসদদের নিরাপত্তা চাইলেন দুই সাংসদ
সাম্প্রতিক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে সাংসদদের নিরাপত্তা চেয়েছেন দুজন সাংসদ। গতকাল বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই নিরাপত্তা চেয়ে বক্তব্য দেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মঈন উদ্দীন খান বাদল। এ সময় সাংসদেরা টেবিল চাপড়ে তাঁদের পক্ষে সমর্থন জানান।
কাজী ফিরোজ রশীদ বলেন, জঙ্গি হামলার পর পুলিশের উচ্চপর্যায় থেকে মন্ত্রীদের নিরাপত্তার বিষয়ে সতর্ক করে বার্তা দেওয়া হয়েছে। মন্ত্রীদের গানম্যান আছে, সেন্ট্রি আছে। চলাচলের সময় গাড়ি দিয়ে নিরাপত্তা দেওয়া হয়। সংসদীয় কমিটির সভাপতির গানম্যান আছে। কিন্তু সাংসদদের সুরক্ষা কোথায়? তিনি বলেন, সাংসদদের বিভিন্ন স্থানে যেতে হয়, সালিস-দরবার করতে হয়। আজ রাতেও এক মন্দিরে যেতে হবে তাঁকে। সন্ত্রাসীরা সাধারণত সফট টার্গেট বেছে নেয়।
মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘ডিসি, এসপি, সচিব, পয়সাওয়ালা এফবিসিসিআইয়ের নেতাদেরও গানম্যান আছে। ২০০-২৫০ এমপির কিছুই নেই। এমপিরা কি খুবই নিরাপদ? এমপিরা কি নামাজে যাবে না? তারা কি বাজারে, স্কুল-কলেজে যাবে না?’
বাদল আরও বলেন, তিনি মোটেও ভীত নন। তবে কেউ নিরাপত্তা পাবে, কেউ পাবে না এটা হতে পারে না। তিনি বলেন, ‘এমন ঘটনা না ঘটে যে আমরা শুধু জানাজাই পড়ছি। আমরা কত লক্ষ কোটি টাকার বাজেট পাস করেছি। এই সংসদ থেকে পুলিশের জন্য বাজেট দিয়েছি। সেনাবাহিনীর জন্য বাজেট দিয়েছি। ২৫০ জন সাংসদকে গানম্যান দিতে পারিনি। বিপদ চারদিক থেকে আসতে পারে। তবে অসম্মানজনকভাবে মরতে চাই না।’
এটা ফারাজেরও দেশ: গত মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় আনা এক শোক প্রস্তাবের ওপর আলোচনায় জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘বাংলাদেশ শুধু নিবরাসের দেশ নয়। বাংলাদেশ ফারাজেরও দেশ। সে বুক চিতিয়ে বলেছিল, আই উইল নট গো অ্যালোন।’ ওই ঘটনায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘ফারাজকে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সে চলে যায়নি। এটা এক সাহসী তরুণ বাংলাদেশির কাহিনি। সে সারা বিশ্বে দেশের ভাবমূর্তি রক্ষা করেছে।’ মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘আমাদের এখানে জঙ্গি তত্পরতার মূলে রয়েছে জামায়াত ও তার ধর্মাশ্রয়ী রাজনীতি। আর তাদের মাথার ওপর ছাতা ধরে আছে বিএনপি ও খালেদা জিয়া। পাপিষ্ঠ খুনিদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না।’ আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের আনা নিন্দা প্রস্তাবে অংশ নিয়ে সংসদে আলোচনা করেন প্রধানমন্ত্রীসহ ২৪ জন সাংসদ।