সাংসদদের নিরাপত্তা চান দুজন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে সাংসদদের নিরাপত্তা চেয়েছেন দুজন সাংসদ। আজ বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই নিরাপত্তা চেয়ে বক্তব্য দেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মঈন উদ্দীন খান বাদল। এ সময় সাংসদেরা টেবিল চাপড়ে তাঁদের পক্ষে সমর্থন জানান।
কাজী ফিরোজ রশীদ বলেন, জঙ্গি হামলার পর পুলিশের উচ্চপর্যায় থেকে মন্ত্রীদের নিরাপত্তার বিষয়ে সতর্ক করে বার্তা দেওয়া হয়েছে। মন্ত্রীদের গানম্যান আছে, সেন্ট্রি আছে। চলাচলের সময় গাড়ি দিয়ে নিরাপত্তা দেওয়া হয়। সংসদীয় কমিটির সভাপতির গানম্যান আছে। ন্যাম ভবন ও সংসদ ভবনও সুরক্ষিত করা হয়েছে। কিন্তু সাংসদদের সুরক্ষা কোথায়? জাতীয় পার্টির এই সাংসদ আরও বলেন, সাংসদদের অহরহ বিভিন্ন স্থানে যেতে হয়, সালিস-দরবার করতে হয়। আজ রাতেও এক মন্দিরে যেতে হবে তাঁকে। সন্ত্রাসীরা সাধারণত সফট টার্গেট বেছে নেয়।
ফিরোজ রশীদ আরও বলেন, ‘সারা দেশে তো প্রটেকশন দেওয়া যাবে না। আমরা যাঁরা সংসদ সদস্য আছি, তাঁদের নিরাপত্তার দায়িত্ব আপনার। কাউকে কাউকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই নিয়ে চারদিকে হইচই। কিন্তু আমরা তো প্রতিনিয়তই এমন হুমকি পাচ্ছি। বড় বড় ব্যবসায়ী, চাকরিজীবীদের প্রটেকশন, গানম্যান দেওয়া হচ্ছে। সাংসদদের প্রটেকশন কোথায়? আমরা সাংসদদের নিরাপত্তা চাচ্ছি।’
জাসদের মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘ডিসি, এসপি, সচিব, পয়সাওয়ালা এফবিসিসিআইয়ের নেতাদেরও গানম্যান আছে। ২০০-২৫০ এমপির কিছুই নেই। এমপিরা কি খুবই নিরাপদ? তাঁদের প্রটেকশন কী? ঘরবাড়ি-নিরাপত্তা দিয়েছেন। এমপিরা কি নামাজে যাবে না? তারা কি বাজারে, স্কুল-কলেজে যাবে না?’
বাদল আরও বলেন, তিনি মোটেও ভীত নন। তবে কেউ নিরাপত্তা পাবে, কেউ পাবে না এটা হতে পারে না।
বাদল বলেন, ‘এমন ঘটনা না ঘটে যে আমরা শুধু জানাজাই পড়ছি। আমরা কত লক্ষ কোটি টাকার বাজেট পাস করেছি। এই সংসদ থেকে পুলিশের জন্য বাজেট দিয়েছি। সেনাবাহিনীর জন্য বাজেট দিয়েছি। কত দিয়েছি আমরা জানি। ২৫০ জন সাংসদকে গানম্যান দিতে পারিনি। বিপদ চারদিক থেকে আসতে পারে। তবে অসম্মানজনকভাবে মরতে চাই না।’