সাংসদদের নিয়ে রাজউক চেয়ারম্যানের বক্তব্যের ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদদের সম্পর্কে অশালীন মন্তব্য করায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নুরুল হুদার কাছে ব্যাখ্যা চাইবে সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল সোমবার সংসদ সচিবালয়ে কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।জানা গেছে, সভায় বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) নিয়ে আলোচনাকালে কমিটির একাধিক সদস্য অভিযোগ করেন, সম্প্রতি এক সেমিনারে রাজউকের চেয়ারম্যান সাংসদদের সম্পর্কে অশালীন মন্তব্য করেন। এরই পরিপ্রেক্ষিতে কমিটির আগামী সভায় বিষয়টি নিয়ে রাজউক চেয়ারম্যানের ব্যাখ্যা কমিটিতে উপস্থাপনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি সপ্তাহে এ ব্যাপারে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়ে রাজউক চেয়ারম্যানের কাছে চিঠি দেওয়া হবে।সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এক হাজার শয্যায় উন্নীত না করার বিষয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এ কাজ শুরু হলেও বিএনপি ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। ওই প্রকল্পের বদলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-২ নামে ৫০০ শয্যার আরেকটি হাসপাতাল ভবন নির্মাণের কাজ শুরু হয়।সভায় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক সমস্যা নিরসনে আবাসন প্রকল্পের উন্নয়ন প্রস্তাব সংশোধন-পরিমার্জন করে দ্রুত পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ করা হয়।কমিটির সভাপতি ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সভায় আবদুল কুদ্দুস, একাব্বর হোসেন ও খালিদ মাহ্মুদ চৌধুরী, পূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খোন্দকার শওকত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, একাধিক সাংসদ রাজউকের চেয়ারম্যানের একটি বক্তব্য নিয়ে আপত্তি জানিয়েছেন। কমিটি বিষয়টি তাঁর কাছে বিস্তারিত জানতে চাইবে।