সাংসদদের পছন্দের বিদ্যালয় উন্নয়নে ২১১৫ কোটি টাকার প্রকল্প হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন হাজার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য দুই হাজার ১১৪ কোটি ৮০ লাখ ৪৪ হাজার টাকার একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকার। প্রতিটি সংসদীয় এলাকায় স্থানীয় সাংসদের পছন্দ অনুযায়ী ১০টি করে বিদ্যালয়ের উন্নয়নে এ টাকা খরচ করা হবে। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় দুই হাজার ৭০০টি বিদ্যালয়ের নাম চূড়ান্ত করে পরিকল্পনা কমিশনে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পাঠিয়েছে। বাকি ৩০০ বিদ্যালয় প্রকল্প চলার সময় নির্বাচন করা হবে।শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে অবকাঠামো উন্নয়ন’ নামে প্রকল্পটি আজ বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ওঠার কথা রয়েছে। সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।প্রকল্প প্রস্তাবটি গত ১৮ জানুয়ারি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। এতে বলা হয়েছে, বর্তমানে ৩১৭টি সরকারি ও ১৮ হাজার ১৩৬টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। অধিকাংশ বেসরকারি বিদ্যালয়ে ভৌত অবকাঠামোগত সুবিধা অপ্রতুল। অধিকাংশ প্রতিষ্ঠান কাঁচা বা সেমিপাকা। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা শিক্ষা অনুপযোগী পরিবেশে পড়াশোনা করছে।শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রকল্পের মতামত চূড়ান্ত করে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছি। একনেক অনুমোদন করলে কাজ শুরু করা হবে।’এদিকে সাংসদদের পছন্দ অনুযায়ী বিদ্যালয় নির্ধারণ করার বিরোধিতা করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘সাংসদের মাধ্যমে এটা করা ঠিক নয়। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের কাজ হওয়া উচিত প্রয়োজনের ভিত্তিতে। সাংসদের পছন্দ অনুযায়ী এ কাজ হলে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পেতে পারে। তা ছাড়া এসব কাজ সাংসদদের এখতিয়ারেও পড়ে না।’শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, প্রকল্পের আওতায় সিটি করপোরেশন এলাকায় ছয়তলার ভিত্তি ও সিটি করপোরেশনের বাইরের এলাকায় চারতলা ভিত্তির ওপর একতলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে। আর বিদ্যমান ভবনের আনুভূমিক বা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং সমুদ্র উপকূলীয় এলাকা, হাওর, বিল, নদীবেষ্টিত এলাকায় একাডেমিক-কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। এ ছাড়া বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহ ও পয়ঃপ্রণালী ও পয়োনিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রস্তাবে প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে গত জানুয়ারি থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত। এর মধ্যে শুধু চলতি ২০১০-১১ অর্থবছরের জন্য ৪৯৯ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দে প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।সাতটি ভাগে কাজ হবে: প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী সাতটি ভাগে উন্নয়নকাজ করা হবে। প্রথম ভাগে ছয়টি সিটি করপোরেশনের বাইরের এলাকায় এক হাজার ৭৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে তিন শ্রেণীকক্ষের একতলা একাডেমিক ভবন নির্মাণ, বিদ্যুত্সংযোগ, পায়খানা ও পানি সরবরাহ করা হবে। আপাতত একতলা করা হলেও ভবনগুলোতে চারতলার ভিত্তি থাকবে।দ্বিতীয় ভাগে ৬০০ বিদ্যালয়ে বিদ্যমান ভবনের এক শ্রেণীকক্ষের আনুভূমিক ও চার শ্রেণীকক্ষের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে। তৃতীয় ভাগে ছয়টি সিটি করপোরেশন এলাকায় ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানে তিন শ্রেণীকক্ষের একতলা একাডেমিক ভবন, বিদ্যুত্সংযোগ, পায়খানা ও পানি সরবরাহ করা হবে। এই ভবনগুলোর ভিত্তি থাকবে ছয়তলার। চতুর্থ ভাগে পাহাড়ি এলাকার ৭০টি বিদ্যালয়ে বৈদ্যুতিক সংযোগ, পায়খানা ও পানি সরবরাহসহ তিন শ্রেণীকক্ষের এক তলার একাডেমিক ভবন নির্মাণ করা হবে।পঞ্চম ভাগে সমুদ্র উপকূলীয় এলাকায় ৬০টি ও ষষ্ঠ ভাগে হাওর, বিল ও নদীবেষ্টিত এলাকায় ১৫০টি বিদ্যালয়ে তিন শ্রেণীকক্ষের দ্বিতল ভবন নির্মাণ করা হবে। এই ভবনগুলোর ভিত্তি থাকবে চারতলা। এসব ভবনের নিচতলা খোলা থাকবে। ষষ্ঠভাগে একাডেমিক-কাম বন্যাশ্রয় কেন্দ্র নির্মাণ হবে। সপ্তম ভাগে লবণাক্ত এলাকায় ২২৫টি বিদ্যালয়ে তিন শ্রেণীকক্ষের একতলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে। এই ভবনগুলোর ভিত্তি থাকবে চারতলা।