সরকার গঠনের চার বছরের বেশি সময় পর আজ মঙ্গলবার মুন্সিগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বিদেশ থেকে আনা দুটি উদ্ধারকারী জাহাজ ও তিনটি প্রকল্পের উদ্বোধন এবং দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে তিনি মাওয়ায় আওয়ামী লীগের স্থানীয় কমিটি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ ও জেলার উন্নয়ন প্রসঙ্গে কী ঘোষণা দেন, সেই অপেক্ষায় আছে জেলাবাসী। জেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের মতে, আওয়ামী লীগ থেকে নির্বাচিত জেলার তিন সাংসদই তাঁদের নির্বাচনী প্রতিশ্রুতির অর্ধেকের বেশি পূরণ করেননি। তাঁরা চান, প্রধানমন্ত্রী যেন সেই পূরণ না হওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সুস্পষ্ট ঘোষণা দেন।এর আগে প্রধানমন্ত্রী ২০০১ সালের ১২ জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে মাওয়া ঘাটে গিয়েছিলেন। আট বছর পর ২০০৮ সালে নির্বাচনী প্রচারের সময় তিনি টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও স্কুলের মাঠে জনসভায় যোগ দেন।সাংসদদের প্রতিশ্রুতি পূরণের দাবি: মুন্সিগঞ্জে আওয়ামী লীগের তিনজন সাংসদ হলেন হুইপ সাগুফতা ইয়াসমিন, প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী এবং সুকুমার রঞ্জন ঘোষ।বাস্তবায়িত না হওয়া সাংসদদের প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে টঙ্গিবাড়ী, সিরাজদিখান, লৌহজং ও শ্রীনগর উপজেলায় গ্যাসলাইন স্থাপন ও সংযোগ প্রদান; লৌহজং ও টঙ্গিবাড়ীতে নদীভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধান; ঢাকা-শ্রীনগর-দোহার সড়কের শ্রীনগর বাজারসংলগ্ন সরু সেতুটি ভেঙে প্রশস্ত সেতু নির্মাণ; বেতকা-কেরানীগঞ্জ সড়কের বেতকা-তেঘড়িয়া সড়ক ও কেরানীগঞ্জ পয়েন্টে অবশিষ্ট আরেকটি সেতু নির্মাণ; ঢাকা-মুন্সিগঞ্জে বিকল্প চার লেন সড়ক নির্মাণ ও উন্নত বাস সার্ভিস চালু; ট্রেনলাইন স্থাপন; মুন্সিগঞ্জ-গজারিয়া ফেরি সংযোগ এবং গজারিয়ায় ফুলদী নদীর ওপর সেতু নির্মাণ।প্রধানমন্ত্রীর কাছে মুন্সিগঞ্জবাসীর আরও কয়েকটি দাবি রয়েছে। এগুলো হলো শ্রীনগর ও টঙ্গিবাড়ীকে পৌরসভা ঘোষণা, মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্করের নামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নির্মাণ এবং মুন্সিগঞ্জ পৌরসভা, পঞ্চসার, রামপাল, সুখবাসপুর ইউনিয়ন ও মিরকাদিম পৌরসভা মিলে মুন্সিগঞ্জ সিটি করপোরেশন ঘোষণা।সাংসদ সাগুফতা ইয়াসমিন প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর নির্বাচনী ওয়াদার বেশির ভাগই তিনি পূরণ করতে পেরেছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, যেগুলো বাকি আছে, তার মধ্যে উল্লেখযোগ্য গ্যাসলাইন স্থাপন ও গ্যাস-সংযোগ প্রদান, নদীভাঙন রোধ, বেতকা-টঙ্গিবাড়ী-ঢাকা সড়কে অবশিষ্ট আরেকটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি সম্পর্কে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।সফরসূচি: জেলা প্রশাসক মো. সাইফুল হাসান জানিয়েছেন, প্রধানমন্ত্রী আজ বেলা দুইটার দিকে ঢাকার তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হবেন। হেলিকপ্টারটি অবতরণ করবে শ্রীনগর উপজেলার দোগাছি হেলিপ্যাডে। সেখান থেকে প্রধানমন্ত্রী সড়কপথে মাওয়া ঘাটে যাবেন। এরপর তিনি নৌযান উদ্ধারে ২৫০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন ‘নির্ভীক’ ও ‘প্রত্যয়’ নামের দুটি উদ্ধারকারী জাহাজ, সিরাজদিখান-সাপেরচর সড়কে নির্মিত সেতু, সদর উপজেলার বজ্রযোগিনী এলাকায় অতীশ দীপঙ্করের জন্মভিটায় আবিষ্কৃত বিক্রমপুর বৌদ্ধবিহার এবং শ্রীনগরের বালাশুরে যদুনাথ রায়ের বাড়িতে নির্মিত বিক্রমপুর জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন। ওই কেন্দ্রের পাশে দেড় কোটি টাকা ব্যয়ে একটি রেস্টহাউস নির্মাণের কাজ এবং টঙ্গিবাড়ী উপজেলায় মেরিন টেকনোলোজি ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।