সাংসদদের ফ্ল্যাট থেকে বহিরাগতদের বের করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ সচিবালয়ের আওতাধীন মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবনে (সাবেক ন্যাম ফ্ল্যাট) সাংসদদের পরিবারের সদস্য ছাড়া অন্য কেউ থাকতে পারবেন না। এসব ফ্ল্যাটে বহিরাগত কেউ থাকলে অবিলম্বে তাঁদের বের করে দিতে সংসদ সচিবালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদ কমিটির আবাসিক উপকমিটি।জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার আবাসিক উপকমিটির সভায় এ সুপারিশ করা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদের সভাপতিত্বে সভায় হুইপ মুজিবুল হক, আতিউর রহমান আতিক এবং এ বি এম আশরাফ উদ্দিন নিজান অংশ নেন।সূত্র জানায়, সভায় সাবেক ন্যাম ফ্ল্যাটগুলোতে সাংসদ এবং তাঁদের পরিবারের সদস্য ছাড়া বহিরাগত ব্যক্তিদের থাকার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় জানানো হয়, সংসদ সচিবালয়ের এক তদন্তে দেখা গেছে, সাংসদদের বাসাগুলোর মধ্যে ৬৪টিতে বহিরাগতরা থাকছেন। তাঁরা কেউ সাংসদদের পরিবারের সদস্য নন। এক সাংসদ ক্ষোভ জানিয়ে বলেন, সাংসদদের ফ্ল্যাটে ড্রাইভার থাকবেন, এটা হতে পারে না। এতে করে পুরো হোস্টেলের পরিবেশ নষ্ট হয়। নিরাপত্তাও হুমকির মধ্যে পড়ে।সভায় মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবনের নিরাপত্তা জোরদার করার সুপারিশ করা হয়। এ জন্য পুলিশসহ নিরাপত্তাকাজে নিয়োজিত বিভিন্ন বিভাগের জনবল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।সভায় জানানো হয়, সাংসদদের গাড়ি ছাড়া অন্যান্য গাড়িতেও সংসদ সদস্য স্টিকার ব্যবহার করা হচ্ছে। অন্যান্য গাড়িতে যাতে এ স্টিকার ব্যবহার না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। একই সঙ্গে সাংসদদের ব্যবহূত গাড়িগুলোর নম্বর নিরাপত্তা বাহিনীর কাছে সরবরাহের পরামর্শ দেওয়া হয়।সভায় মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবনের ক্যাফেটেরিয়ার ক্যাটারার নিয়োগ ও ডিশ লাইনের ঠিকাদার নিয়োগের কাজ দ্রুত সম্পন্ন করার সুপারিশ করা হয়।ঢাকা মহানগর পুলিশ ও গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।