সাংসদদের বিরুদ্ধে তৃণমূল নেতাদের উষ্মা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেলার তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচনের জন্য প্রস্তুত হন। এ ক্ষেত্রে দ্বন্দ্ব, বিভেদ দ্রুত মিটিয়ে ফেলতে হবে। মনে রাখবেন, কে সাংসদ সেটা মুখ্য নয়। যে গ্রহণযোগ্য, জনপ্রিয়, যোগ্যতাসম্পন্ন এবং আগামী সংসদ নির্বাচনে যিনি বিএনপির প্রার্থীকে মোকাবিলা করে বিজয় ছিনিয়ে আনতে পারবেন, দল তাঁকেই মনোনয়ন দেবে।’
প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের হলরুমে গত রোববার রাতে মেহেরপুরের তৃণমূল নেতাদের সঙ্গে নির্বাচন-পূর্ববর্তী এক বৈঠকে আওয়ামী লীগের সভানেত্রী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের জেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মিয়াজান আলী, সদর উপজেলা শাখার সভাপতি গোলাম রসুল ও সাধারণ সম্পাদক আবদুর রব, পৌর শাখার সভাপতি ইয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আক্কাছ আলী, গাংনী উপজেলার সভাপতি সাহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক আবদুল খালেক এবং আওয়ামী লীগের মুজিবনগর উপজেলা শাখার সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা। প্রধানমন্ত্রী মাঠপর্যায়ের রাজনীতির অবস্থা ও করণীয় সম্পর্কে জানতে তৃণমূল নেতাদের সঙ্গে আলোচনা করেন।
প্রত্যক্ষদর্শী ও নেতা-কর্মীরা জানান, বৈঠকে স্থানীয় নেতারা তাঁদের বক্তব্যে মেহেরপুর-১ আসনের সাংসদ ও আওয়ামী লীগের জেলা শাখার সভাপতি জয়নাল আবেদীনকে উদ্দেশ করে বিভিন্ন মন্তব্য করেন।
বৈঠকে আওয়ামী লীগের সদর উপজেলা শাখার সভাপতি গোলাম রসুল বলেন, ‘নেত্রী, এই সাংসদের ভয়ে এখানে উপস্থিত অনেকে সত্য বলতে পারছেন না। কেননা, তিনি জনপ্রতিনিধি নন, জন-আতঙ্ক। পরিবারতন্ত্রের মাধ্যমে তিনি দলের বারোটা বাজিয়েছেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনে দল তাঁকে বিপুল ভোটে সাংসদ নির্বাচিত করল। অথচ ২২ দিন পর ২০০৯ সালের ২২ জানুয়ারিতে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে মেহেরপুর সদর ও মুজিবনগর দুই উপজেলাতেই চেয়ারম্যান প্রার্থীর ভরাডুবি হলো। এ জন্য দায়ী সাংসদ। তিনি দলে কাউকে সেকেন্ড পাওয়ার বানাতে চাননি। বরং তিনি অনেক নেতার বিরুদ্ধে মামলা, হামলা করে মাইনাস করার চেষ্টা করেছেন। কিন্তু সেটা করতে গিয়ে সাংসদ নিজেই জনগণ থেকে মাইনাস হয়ে গেছেন।’
সাংসদ জয়নাল আবেদীনকে জামায়াত-শিবিরের নেতা দাবি করে গোলাম রসুল আরও বলেন, তাঁর ইন্ধনে মেহেরপুরে জামায়াত প্রকাশ্যে সরকারবিরোধী মিছিল-সমাবেশ, পুলিশের ওপর হামলা, সরকারি গাছ কেটে রাস্তা অবরোধ করার সাহস দেখায়।
বৈঠকে আওয়ামী লীগের গাংনী উপজেলা শাখার সভাপতি সাহিদুজ্জামান খোকন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সাংসদ মকবুল হোসেন ও গাংনীর বর্তমান পৌর মেয়র আহমঞ্চদ আলীকে ইঙ্গিত করে বলেন, তাঁদের ঘুষ, দুর্নীতি, দুর্ব্যবহার, জুলুমের কারণে দলের কর্মী ও সাধারণ মানুষ ক্ষুব্ধ। তাঁদের হাতে দলীয় নেতা-কর্মীরাও হেনস্তা হয়েছেন। তাই নতুন কাউকে মনোনয়ন দিলে সবাই খুশি মনে মাঠে নামবে।
আওয়ামী লীগের মুজিবনগর উপজেলা শাখার সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস বলেন, নির্বাচন আসছে। এখন অনেক মৌসুমি, সুবিধাবাদী ও ঢাকাবাসী নেতা প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে এলাকায় ঘুরঘুর করছেন। তিনি এলাকায় কাজ করা প্রকৃত, গ্রহণযোগ্য নেতাদের প্রার্থী করার জন্য সভানেত্রীর কাছে দাবি জানান।
আওয়ামী লীগের মেহেরপুর পৌর শাখার সভাপতি ইয়ারুল ইসলাম বলেন, দল ক্ষমতায় অথচ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের শতাধিক নেতা বিভিন্ন মামলায় আসামি হয়ে আছেন। সাংসদের সদিচ্ছার অভাবে মামলাগুলো ঝুলে আছে।
একপর্যায়ে তৃণমূল নেতাদের বক্তব্য শুনে প্রত্যেকের হাতে একটি কাগজ ধরিয়ে দিয়ে পছন্দের তিনজন প্রার্থীর নাম লিখে দিতে বলা হয়। এ সময় অনেকে দলীয় সভানেত্রীর কাছে পছন্দের প্রার্থীর নাম দেন।
বৈঠকের সমাপনীতে সভানেত্রী বলেন, প্রার্থী মনোনয়নের প্রশ্নে তিনি তৃণমূল নেতাদের পছন্দের নাম, সরকারি-বেসরকারি বিভিন্ন এজেন্সির প্রতিবেদন ও দলের বিভিন্ন পর্যায়ের জরিপকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।