সাংসদদের বিরুদ্ধে তৃণমূলের নেতাদের নানা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের তৃণমূলের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল রোববার মতবিনিময় সভায় দলের কয়েকজন সাংসদের বিরুদ্ধে জনবিচ্ছিন্নতা, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন।
গতকাল বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত গণভবনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় যশোর, কুড়িগ্রাম, নওগাঁ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও লক্ষ্মীপুর আওয়ামী লীগের জেলা, উপজেলা ও পৌর (প্রথম শ্রেণীর) কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
সভায় অংশ নেওয়া একাধিক নেতা জানান, টাঙ্গাইল-২ আসনের সাংসদ খন্দকার আসাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ করেন গোপালপুরের সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। তাঁরা বলেন, ওই সাংসদ এলাকার কোনো উন্নয়নও করেননি, কেবল নিজের উন্নয়ন করেছেন। নেতা-কর্মীদের কোনো মূল্যায়ন করেননি। তাঁকে আবার মনোনয়ন দিলে সমস্যা হতে পারে।
নাগরপুর উপজেলার নেতারা অভিযোগ করেন, টাঙ্গাইল-৬ আসনের সাংসদ খন্দকার আবদুল বাতেন ঢাকায় থাকলে আওয়ামী লীগের সাংসদ। আর এলাকায় গেলে স্বতন্ত্র সাংসদ হয়ে যান। এলাকায় আওয়ামী লীগের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।
কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেন রৌমারী, রাজীবপুর ও চিলমারী উপজেলার নেতারা। রৌমারীর সাধারণ সম্পাদক বলেন, জাকির হোসেন সাংসদ হওয়ার পর নেতা-কর্মীদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি। এমন ব্যক্তিকে আবার মনোনয়ন দেওয়া হলে দল ক্ষতিগ্রস্ত হবে।
বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানায়, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সদর উপজেলার নেতারা স্থানীয় সাংসদ ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রশংসা করেন এবং আগামী নির্বাচনে তাঁকে আবারও দলীয় প্রার্থী করার সুপারিশ করেন। একই সঙ্গে তাঁরা দলীয় সভানেত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘মাননীয় নেত্রী, আপনার কাছে আমাদের কেবল একটিই দাবি, সৈয়দ আশরাফ যেন নির্বাচনের আগে আমাদের সঙ্গে অন্তত একটিবার বৈঠক করেন। তাঁকে আর কিছু করতে হবে না। নির্বাচনী কাজকর্ম সব আমরাই করব।’
বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, তৃণমূলের বৈঠকের পর তিনি অক্টোবরের মাঝামাঝি সময়ে বর্তমান সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। নেতায় নেতায় দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে এবার তিনি অক্টোবরেই দলীয় প্রার্থীর মনোনয়ন ঘোষণা করে দেবেন। যাঁকে মনোনয়ন দেওয়া হবে, তাঁর জন্য সর্বশক্তি নিয়োগ করতে তৃণমূলের নেতাদের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন।