সাংসদদের বেতন করের আওতায় আসছে
স্পিকার, ডেপুটি স্পিকার ও সাংসদদের বেতন করের আওতায় নেওয়া হচ্ছে। এ জন্য এ সংক্রান্ত আইন দুটি সংশোধনের খসড়া গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়েছে।আইন দুটি হলো ‘স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) সংশোধন অ্যাক্ট’ ও ‘মেম্বার অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) সংশোধন, অ্যাক্ট ২০১১’।সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। এর আগে মন্ত্রিসভার সদস্যদের বেতন করের আওতায় আনা হয়। সশস্ত্র বাহিনীর চার পদকের নতুন নামকরণ: গতকালের মন্ত্রিসভার বৈঠকে সশস্ত্র বাহিনীতে বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য পদকের নতুন নামকরণের সিদ্ধান্ত হয়েছে। নতুন নামকরণ করা চারটি পদক হলো বীর সর্বোত্তম, বীর মৃত্যুঞ্জয়, বীর চিরঞ্জীব ও বীর দুর্জয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, স্বাধীনতা যুদ্ধের সময় সাহসিকতাপূর্ণ অবদানের সময় দেওয়া চারটি পদক বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক নামে আর কোনো পদক দেওয়া হবে না। স্বাধীনতার পর এ নামে যাঁরা পদক পেয়েছেন, তাঁদের পদকের সঙ্গে সালের নাম উল্লেখ থাকবে। এ ছাড়া গতকালের বৈঠকে পদক পাওয়া ব্যক্তিদের ভাতার পরিমাণ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়।