সাংসদদের শপথ গ্রহণ, এরশাদ অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সাংসদদের শপথবাক্য পাঠ করাচ্ছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। ছবি: বাসস।
দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সাংসদদের শপথবাক্য পাঠ করাচ্ছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। ছবি: বাসস।

দশম জাতীয় সংসদের নবনির্বাচিত সাংসদদের মধ্যে ২৮৪ জন আজ বৃহস্পতিবার শপথ নিয়েছেন। শপথ নেননি জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।

জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণকক্ষে শপথ অনুষ্ঠান হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করান। জাতীয় সংসদের জ্যেষ্ঠ সচিব মো. আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করলেন।

২৮৪ জনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ২২৬, জাতীয় পার্টি ৩১, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ছয়, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) চার, জাতীয় পার্টি (মঞ্জু) এক, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) এক, তরীকত ফেডারেশন এক ও স্বতন্ত্র ১৪ জন সাংসদ শপথ নেন।

প্রথম পর্যায়ে সকাল ১০টা ২০ মিনিটে প্রথমে আওয়ামী লীগের নবনির্বাচিত সাংসদদেরা শপথ নেন।

দ্বিতীয় পর্যায়ে বেলা সোয়া ১১টার দিকে রওশন এরশাদের নেতৃত্বে জাপার নবনির্বাচিত সাংসদেরা শপথ নেন। দলের চেয়ারম্যান এরশাদ আজ শপথ নেননি। তিনি টানা ২৭ দিন ধরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন। জাপার সংসদীয় দল রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এরপর অন্য দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নবনির্বাচিত সাংসদেরা শপথ নেন।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সাংসদদের আজ শপথ গ্রহণ হবে বলে জানানো হয়।

দশম সংসদের ৩০০ আসনের মধ্যে আটটি আসনের ফলাফল স্থগিত আছে। বাকি ২৯২টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৩১, জাতীয় পার্টি ৩৩, ওয়ার্কার্স পার্টি ছয়, জাসদ পাঁচ, জাতীয় পার্টি-জেপি এক, তরীকত ফেডারেশন এক, বিএনএফ এক এবং স্বতন্ত্র ১৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করেছে।

গতকাল বেসরকারিভাবে নির্বাচিত ২৯০ জন সাংসদের নাম গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যশোর-১ ও যশোর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত দুই সাংসদ শেখ আফিল উদ্দিন ও মনিরুল ইসলামের নাম গেজেটে প্রকাশ করা হয়নি। কমিশনের তদন্তে তাঁদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ জন্য তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্ত দুজনের কাছ থেকে সন্তোষজনক জবাব পাওয়া গেলে তাঁদের নাম গেজেটে প্রকাশ করা হবে। জবাব সন্তোষজনক না হলে তাঁদের প্রার্থিতা বাতিল হবে বলে অন্যতম নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ জানিয়েছেন।

আটটি আসনের স্থগিত কেন্দ্রে ১৬ জানুয়ারি ভোট গ্রহণ হবে। আসনগুলো হলো দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, গাইবান্ধা-১, গাইবান্ধা-৩, গাইবান্ধা-৪, বগুড়া-৭, যশোর-৫ ও লক্ষ্মীপুর-১।

সংবিধান অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণের আগে যেকোনো একটি আসন রেখে অন্যগুলো ছেড়ে দিতে হয়। নির্বাচন কমিশন সে আসনগুলো শূন্য ঘোষণা করে। দশম সংসদে কেবল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬—এ দুটি আসনে নির্বাচিত হয়েছেন। তিনি গোপালগঞ্জ-৩ আসন রেখে রংপুর-৬ আসনটি ছেড়ে দিয়েছেন।