সাংসদদের সঙ্গে তৃণমূলের দূরত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noname
noname

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগে বিরোধ অনেকটা প্রকাশ্য। দলের জ্যেষ্ঠ নেতারা আলাদাভাবে দলীয় কার্যক্রম চালান। আবার চার আসনেই নানা কারণে সাংসদদের সঙ্গে নেতা-কর্মীদের বেশ দূরত্ব তৈরি হয়েছে। ৯ অক্টোবর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে তৃণমূলের নেতারা সাংসদদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এ অবস্থায় আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে এসব আসন ধরে রাখা কঠিন হবে বলে তৃণমূলের নেতা-কর্মীরা মনে করছেন।
জানা গেছে, আওয়ামী লীগের জেলা সভাপতি ও সদর আসনের সাংসদ খন্দকার রাশীদুজ্জামান অসুস্থতার কারণে সাড়ে চার বছর ধরে ঢাকায়। এ অবস্থায় দলের এক পক্ষের নেতৃত্বে আছেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আজগর আলী। আরেক পক্ষে আছেন জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ার আলী। এ বিরোধের প্রভাব পড়েছে উপজেলা কমিটিতেও।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে সর্বশেষ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী অবশ্য দাবি করেন, সাংসদদের সঙ্গে দলের নেতাদের দূরত্ব রয়েছে। এ নিয়ে তৃণমৃলের নেতাদের ক্ষোভও রয়েছে। তবে নির্বাচনের সময় সব ঠিক হয়ে যাবে।
দলীয় সূত্র জানায়, ২০১০ সালে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ আফাজ উদ্দিনের ওপর বোমা হামলার ঘটনায় আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম চলে আসে। এ নিয়ে দলে কোন্দল তীব্র আকার ধারণ করে। দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সঙ্গে আফাজ উদ্দিনের মনস্তাত্ত্বিক বিরোধ শুরু হয়।
অভিযোগ রয়েছে, আফাজ সাংসদ হলেও সবকিছু নিয়ন্ত্রণ করেন তাঁর ছেলে আরিফ আহমেদ। আরিফের বিরুদ্ধে দুর্নীতি ও আধিপত্যের অভিযোগ রয়েছে। তবে সাংসদ আফাজ তাঁর ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাকচ করে দেন।
সূত্র জানায়, দৌলতপুর উপজেলায় আওয়ামী লীগের দুটি কমিটি রয়েছে। জেলা থেকে সরোয়ার জাহানকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে। আরেক কমিটির সভাপতি বর্তমান সাংসদ আফাজ উদ্দিন। এ আসনে হানিফও নির্বাচন করতে পারেন বলে শোনা যাচ্ছে।
উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দীন অভিযোগ করেন, সাংসদ আফাজের ছেলে এলাকায় সবকিছু নিয়ন্ত্রণ করেন। সাংসদের সঙ্গে স্থানীয় তৃণমূলের নেতাদের দূরত্ব অনেক বেড়ে গেছে। অল্প সময়ে এই দূরত্ব দূর করা সম্ভব নয়। প্রার্থী পরিবর্তন ছাড়া এ আসন ধরে রাখা দুরূহ হবে।
তবে সাংসদ আফাজ বলেন, বোমা হামলা নিয়ে মাহবুব উল আলমের সঙ্গে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। বেশির ভাগ নেতা-কর্মী তাঁর সঙ্গে আছেন। ভোটের সময় ঠিক হয়ে যাবে।
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সুবিধাজনক অবস্থানে আছেন। নির্বাচনী এলাকায় তিনি উন্নয়নকাজ করলেও তৃণমূলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। আবার মিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তাঁর সম্পর্কে কিছুটা টানাপোড়েন রয়েছে। এসব বিষয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে তৃণমূলের নেতারা মনে করেন।
তবে ভেড়ামারার বাসিন্দা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুব উল আলম হানিফ বলেন, ‘যাকেই মনোনয়ন দেওয়া হোক, ক্ষোভ-হতাশা ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলা হয়েছে। নেত্রী সদরে নির্বাচনের কথা বলেছেন। তবে যেখানেই দেবেন, সেখানেই নির্বাচন করব।’
ইনু দাবি করেন, সবার সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। মহাজোটে তাঁর প্রার্থিতা নিয়ে কোনো সমস্যা হবে না। জোটের সবাই তাঁর পক্ষেই কাজ করবেন।
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি রাশীদুজ্জামান নির্বাচনের পর থেকে অসুস্থ। তিনি খুব একটা এলাকায় আসেন না। তাই আগামী নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ থেকে নতুন প্রাথী খোঁজা হচ্ছে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন আহম্মেদ বলেন, সাংসদের অসুস্থতার কারণে তাঁর নিকটাত্মীয় ফারুকুজ্জামান সবকিছু দেখাশোনা করেন। এতে তিনি লাভবানও হয়েছেন। বিষয়টি নির্বাচনী এলাকার সবাই জানে। সাংসদ না থাকায় উন্নয়ন ও দলীয় কাজ ব্যাহত হচ্ছে।
দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় নেতা মাহবুব উল আলম কুষ্টিয়া-১ আসন থেকে নয়, কুষ্টিয়া-৩ আসন থেকে নির্বাচন করতে পারেন। তবে এ আসনের মাঠ দখলে রেখেছেন জেলার জ্যেষ্ঠ সহসভাপতি ও কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। তিনি ছাড়াও মনোনয়ন পাওয়ার তালিকায় রয়েছেন আইনজীবী আমীর-উল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক আজগর আলী ও সাংগঠনিক সম্পাদক আমিনুল হক।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সুলতানা তরুণ গত নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। খোকসা উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার সঙ্গে তাঁর বিরোধ রয়েছে।
অভিযোগ রয়েছে, সুলতানা তরুণ সাংসদ হলেও তাঁর ছেলে গোলাম মোর্শেদ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কাবিখা, কাবিটাসহ সব বিষয় দেখভাল করেন। সাংসদের বিরুদ্ধে এলাকায় অনিয়ম-দুর্নীতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির বিস্তর অভিযোগ রয়েছে। এ আসনে এবার দল থেকে মনোনয়ন চাইতে পারেন খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান। তিনি দাবি করেন, তৃণমূলে তাঁর জনপ্রিয়তা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে খোকসা উপজেলা আওয়ামী লীগের শীর্ষ এক নেতা জানান, সাংসদের ছেলে গোলাম মোর্শেদ টিআর, কাবিখা, কাবিটাসহ সরকারি সব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করেন। এ জন্য দলের নেতাদের সঙ্গে সাংসদের বিরোধ রয়েছে। তৃণমূলের নেতা-কর্মীরা সাংসদের ওপর ক্ষুব্ধ।
তবে সুলতানা তরুণ অভিযোগ অস্বীকার করে জানান, বিএনপিপন্থী ইউএনওর ব্যাপারে ডিও লেটার দেওয়া হয়েছিল। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সঠিক নয়। তাঁর ছেলে কোনো কিছুর সঙ্গে জড়িত নন।