বাঁশখালী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়ার পর কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন আবদুর রহমান। তবে শেষ পর্যন্ত নির্বাচনে জয়ী হন তিনি। গতকাল মঙ্গলবার কারারক্ষীবেষ্টিত হয়ে শপথ নিতে আসেন আবদুর রহমান। শপথ গ্রহণ শেষে তিনি বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত হয়ে মিলেমিশে এলাকায় উন্নয়নের কাজ করতে চান তিনি।গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের ১৪টি পৌরসভার ১৪ জন মেয়র, ৪২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ১২৫ জন সাধারণ কাউন্সিলর সার্কিট হাউসে শপথ নেন। মেয়র ও কাউন্সিলররা বলেন, উপজেলা চেয়ারম্যানদের মতো সাংসদদের সঙ্গে তাঁরা বিবাদে জড়াতে চান না। তাঁরা সাংসদ ও চেয়ারম্যানদের সঙ্গে মিলেমিশে এলাকার উন্নয়নের পরিবেশ প্রত্যাশা করছেন।মেয়র-কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান। শপথ গ্রহণ শেষে রাউজানের বিএনপি-সমর্থিত মেয়র আবদুল্লাহ আল হাসান প্রথম আলোকে বলেন, ‘সম্মিলিতভাবে কাজ করতে পরিবেশ দরকার। আমি মিলেমিশে কাজ করার পরিবেশ প্রত্যাশা করি। তবে তা কতটুকু পাব, সে আশঙ্কা থেকেই যাচ্ছে।’ প্রসঙ্গত, রাউজানের সাংসদ ও উপজেলা চেয়ারম্যান সরকারদলীয়।বারইয়ারহাট পৌরসভার আওয়ামী লীগদলীয় চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের বলেন, ‘আমরা বিরোধ চাই না। সাংসদ আইনপ্রণেতা। তিনি এলাকায় যেসব উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো বাস্তবায়নে আমরা (উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র) তাঁকে সহযোগিতা করতে প্রস্তুত।’সন্দ্বীপ পৌরসভার আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান জাফরউল্লাহ বলেন, কাজের ক্ষেত্রে পুরোপুরি দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না। কারণ দলীয় চিন্তা উন্নয়নকাজের ক্ষেত্রে সংঘাত সৃষ্টি করতে পারে।