সাংসদপুত্র আবার চার দিনের রিমান্ডে
রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে গতকাল বুধবার দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই খুনের প্রত্যক্ষদর্শী একজন রিকশাচালকের সাক্ষ্য নিয়েছে ডিবি।
সাংসদ ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খানের ছেলে বখতিয়ারকে গতকাল সকালে কাশিমপুর কারাগার থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। গত রোববার তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করেছিল ডিবি। আসামির উপস্থিতিতে ওই আবেদনের শুনানির জন্য গতকাল দিন ধার্য করেছিলেন আদালত। গতকাল শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে প্রথম দফায় তাঁকে ৯ জুন চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
শুনানিতে বখতিয়ারের আইনজীবী কাজী নজিবুল্লাহ বলেন, এই মামলায় তিনজন আদালতে জবানবন্দিতে বলেছেন, বখতিয়ার আলম গুলি করেছেন। তাহলে নতুন করে রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নেই। তিনি গণমাধ্যমের বিষোদ্গার করে বলেন, বখতিয়ারের মা একজন সাংসদ। তাঁকে জড়িয়ে প্রতিদিন খবর ছাপা হচ্ছে।
নজিবুল্লাহ আরও বলেন, আকণ্ঠ মদ্যপান করে বখতিয়ার ঘোরের মধ্যে ছিলেন, তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। তিনি কী করেছেন, কী করে জানবেন। ইতিমধ্যে তদন্ত কর্মকর্তা ঘটনা শনাক্ত করেছেন। বখতিয়ার অসুস্থ। তাই নতুন করে রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই।
শুনানিতে রাষ্ট্রপক্ষে পুলিশের সহকারী কমিশনার মিরাস উদ্দিন বলেন, এর আগে রিমান্ডে আসামি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁর দেওয়া তথ্য যাচাই করতে রিমান্ডে নেওয়া প্রয়োজন। বখতিয়ার যে অস্ত্র দিয়ে গুলি ছুড়েছিলেন, সেটি জব্দ করা হয়েছে। প্রাডো গাড়ি জব্দ করা হয়েছে। ব্যালাস্টিক প্রতিবেদনে শনাক্ত হয়েছে, আসামি বখতিয়ারের অস্ত্রের গুলি আর নিহত ব্যক্তির শরীর থেকে উদ্ধার হওয়া গুলির ধরন একই। মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
রিমান্ডের প্রথম দিন: মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম দফায় রিমান্ডে বখতিয়ার তাঁর লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করার কথা স্বীকার করলেও গতকাল দ্বিতীয় দফা রিমান্ডের প্রথম দিনে তাঁর কথাবার্তা ছিল অসংলগ্ন। আগের বারের মতোই তিনি অসুস্থতার ভান করছেন। ডিবি কর্মকর্তাদের আশা, এবার জিজ্ঞাসাবাদের পর বখতিয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন।
প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য: জোড়া খুনের প্রত্যক্ষদর্শী একজন রিকশাচালক গতকাল এ মামলার তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্য দিয়েছেন। মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার রাজীব আল মাসুদ গতকাল প্রথম আলোকে বলেন, তদন্ত কর্মকর্তা প্রত্যক্ষদর্শী ওই রিকশাচালকের সাক্ষ্য ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় রেকর্ড করেন। তাঁকে অভিযোগপত্রে সাক্ষী করা হবে। এ ছাড়া ঘটনাস্থলের আশপাশ থেকে বেশ কিছু বক্তব্য নিয়েছে ডিবি।
তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, পিস্তলের লাইসেন্সে বখতিয়ারের নাম-ঠিকানা যাচাইয়ের প্রতিবেদন ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় ডিবিকে পাঠায়নি। তাই বখতিয়ারের পিস্তলের লাইসেন্স বাতিলের আবেদন করতে দেরি হচ্ছে।
পুলিশ ও আদালতে তিনজনের দেওয়া জবানবন্দি সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটন রোডে প্রাডো গাড়ি থেকে নেশাগ্রস্ত অবস্থায় বখতিয়ার এলোপাতাড়ি গুলি ছুড়লে রিকশাচালক আবদুল হাকিম ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। এ ঘটনায় ১৫ এপ্রিল রাতে রমনা থানায় মামলা করেন হাকিমের মা মনোয়ারা বেগম। এ ঘটনায় ৩১ মে বখতিয়ার ও তাঁর গাড়িচালক ইমরান ফকিরকে গ্রেপ্তার করে ডিবি।