সাংসদপুত্র বখতিয়ার আরও দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বখতিয়ার আলম রনি ।
বখতিয়ার আলম রনি ।

নিউ ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে গতকাল মঙ্গলবার আরও দুই দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে তৃতীয় দফাসহ তাঁকে মোট ১০ দিনের রিমান্ডে নেওয়া হলো।
এদিকে দু-এক দিনের মধ্যে বখতিয়ারের পিস্তলের লাইসেন্স বাতিলের জন্য আবেদন করবে ডিবি।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জোড়া খুনের মামলায় তৃতীয় দফা রিমান্ডের শুনানির দিনে গতকাল কারাগার থেকে বখতিয়ারকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আনা হয়। বখতিয়ারের মা সাংসদ ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
গতকাল রিমান্ড শুনানির সময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ডিবি দীপক কুমার দাস আদালতকে বলেন, আসামি বারবার অসুস্থতার ভান করেন। এ কারণে তাঁকে জিজ্ঞাসাবাদই করা যায়নি। নতুন করে রিমান্ডের বিরোধিতা করে বখতিয়ারের আইনজীবী কাজী নজিবুল্লাহ বলেন, এই মামলার সব জানা হয়ে গেছে। আর রিমান্ডের যৌক্তিকতা নেই। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
লাইসেন্স বাতিলের আবেদন: ডিবি সূত্র জানায়, ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় থেকে বখতিয়ারের পিস্তলের লাইসেন্সের নাম-ঠিকানার যাচাইকরণ প্রতিবেদন গতকাল হাতে পেয়েছে ডিবি। তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, দু-এক দিনের মধ্যে ডিবি পুলিশ ঢাকার জেলা প্রশাসকের কাছে বখতিয়ারের পিস্তলের লাইসেন্স বাতিলের আবেদন করবে।
চলতি বছরের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটন রোডে প্রাডো গাড়ি থেকে নেশাগ্রস্ত অবস্থায় বখতিয়ার এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে রিকশাচালক আবদুল হাকিম ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন।