রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় করা মামলায় সাংসদপুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছেন আদালত। এর মাধ্যমে এই হত্যা মামলাটি বিচারের জন্য প্রস্তুত হলো।
গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম আমিনুল হক এই মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। মামলাটি বিচারিক আদালতে পাঠানোর জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নথি পাঠানোর আদেশ দেন আদালত।
বখতিয়ার মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাংসদ পিনু খানের ছেলে। মামলায় অভিযোগ করা হয়, ১৩ এপ্রিল রাতে নিউ ইস্কাটনে বখতিয়ার গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় মামলা করেন। গাড়িটি সাংসদ পিনু খানের।