সাংসদপুত্র বখতিয়ার অসুস্থ, অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইস্কাটনে জোড়াখুনের ঘটনায় করা মামলায় সাংসদপুত্র বখতিয়ার আলম রনির বিষয়ে অভিযোগ গঠন-বিষয়ক শুনানি পিছিয়েছে। ২৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি হবে। আজ মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত শুনানির এই তারিখ ধার্য করেন। 


এর আগে বখতিয়ারকে আদালতে হাজির করা হয়। শুনানির সময় তিনি অসুস্থ বোধ করলে তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন।

আবেদনে বখতিয়ারের আইনজীবী শওকত ওসমান বলেন, আসামি রনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি অসুস্থ। এ কারণে অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন তারিখ ধার্য করা প্রয়োজন।

গত বছর ২১ জুলাই বখতিয়ারকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আসামি বখতিয়ার আলম মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাংসদ পিনু খানের ছেলে।

ওই বছরের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে মদ্যপ অবস্থায় রনি নিজ গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন বলে অভিযোগ ওঠে। এতে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম ও ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় মামলা করেন। গত ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলমকে আটক করে পুলিশ।