রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার হওয়া সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত বৃহস্পতিবার রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তাঁর পিস্তলের লাইসেন্স বাতিল করার জন্য দু-তিন দিনের মধ্যেই আবেদন করবে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বখতিয়ারের মা সংরক্ষিত নারী আসনের সাংসদ ও মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান।
যোগাযোগ করা হলে কাশিমপুর কারাগারের কারাধ্যক্ষ (জেলার) জান্নাতুল ফরহাদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বখতিয়ার আলমকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে হাই সিকিউরিটি কারাগারে রাখা হয়েছে।
এই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস গতকাল প্রথম আলোকে বলেন, ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় থেকে বখতিয়ারের পিস্তলের লাইসেন্সের আবেদনে থাকা নাম-ঠিকানা যাচাইয়ের প্রতিবেদন দু-এক দিনের মধ্যে তাঁর হাতে এসে পৌঁছাবে। এরপরই ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে বখতিয়ারের পিস্তলের লাইসেন্স বাতিলের জন্য আবেদন করা হবে।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে পাওয়া বখতিয়ারের পিস্তলের ব্যালিস্টিক প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে, ওই পিস্তল দিয়েই গুলি বেরিয়েছে এবং দৈনিক জনকণ্ঠর নিহত অটোরিকশাচালক ইয়াকুব আলীর শরীর থেকে বের করা পিস্তলের গুলি পয়েন্ট .৩২ বোরের। বখতিয়ার ওই বোরের গুলি কিনেছেন।
গত ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে গাড়ি থেকে গুলি ছুড়লে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাকিম ১৫ এপ্রিল এবং ইয়াকুব ২৩ এপ্রিল মারা যান। এ ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রাতে রমনা থানায় হত্যা মামলা করেন। ডিবি পুলিশ তদন্তে এই জোড়া খুনের ঘটনায় বখতিয়ার ও তাঁর গাড়িচালক ইমরান ফকিরকে শনাক্ত করে। ডিবি ৩১ মে প্রথমে ইমরানকে এবং তাঁর তথ্য অনুযায়ী ওই দিন রাতে বখতিয়ারকে গ্রেপ্তার করে।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ জুন ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি জানান, ১৩ এপ্রিল রাতে বখতিয়ার নেশাগ্রস্ত অবস্থায় প্রাডো গাড়ি থেকে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে এলোপাতাড়ি চার-পাঁচটি গুলি ছোড়েন। রিমান্ডে থাকাকালে বখতিয়ারও তাঁর লাইসেন্স করা পিস্তলের গুলিতে দুই ব্যক্তি মারা গেছেন বলে স্বীকার করেন। বখতিয়ার গুলি ছোড়ার সময় ওই গাড়িতে থাকা তাঁর দুই বন্ধু কামাল মাহমুদ ও মো. কামাল ওরফে টাইগার কামাল সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। বখতিয়ারের আরেক বন্ধু জাহাঙ্গীর আলম ভূঁইয়াও সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।