সাংসদপুত্র ফের চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বখতিয়ার আলম রনি । ফাইল ছবি
বখতিয়ার আলম রনি । ফাইল ছবি

রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে ফের চার দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ঢাকার মহানগর হাকিম আজ বুধবার এই রিমান্ড মঞ্জুর করেন।
কারাগারে থাকা বখতিয়ারের সাত দিনের রিমান্ড চেয়ে গত রোববার আদালতে আবেদন করে ডিবি। আসামির উপস্থিতিতে ওই আবেদনের ওপর শুনানির জন্য ২৪ জুন তারিখ ধার্য করেন আদালত। আজ শুনানি শেষে আদালত আদেশ দেন। এর আগে আরেক দফায় বখতিয়ারকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
বখতিয়ারের মা পিনু খান সংরক্ষিত আসনের সাংসদ ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটন রোডে প্রাডো গাড়ি থেকে নেশাগ্রস্ত অবস্থায় বখতিয়ার এলোপাতাড়ি গুলি ছুড়লে রিকশাচালক আবদুল হাকিম ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। এ ঘটনায় ১৫ এপ্রিল রাতে রমনা থানায় মামলা করেন হাকিমের মা মনোয়ারা বেগম।
মামলার তদন্তের দায়িত্ব নেওয়ার পর ডিবি এই জোড়া খুনের ঘটনায় জড়িত বলে বখতিয়ার ও তাঁর গাড়িচালক ইমরান ফকিরকে শনাক্ত করে। ৩১ মে তাঁদের দুজনকে গ্রেপ্তার করে ডিবি।

১ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ইমরান। তিনি বলেন, বখতিয়ার নেশাগ্রস্ত অবস্থায় প্রাডো গাড়ি থেকে লাইসেন্স করা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। ওই দিন বখতিয়ারকে চার দিনের রিমান্ডে নেওয়ার পর তিনি অসুস্থতার ভান করায় জিজ্ঞাসাবাদ করা যায়নি।