সাংসদপুত্র হাসপাতাল থেকে আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতাল থেকে পিকআপ ভ্যানে করে সাংসদপুত্র বখতিয়ারকে নিয়ে ​যাওয়া হয় আদালতে। ছবি: হাসান রাজা
হাসপাতাল থেকে পিকআপ ভ্যানে করে সাংসদপুত্র বখতিয়ারকে নিয়ে ​যাওয়া হয় আদালতে। ছবি: হাসান রাজা

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় একমাত্র আসামি সাংসদপুত্র বখতিয়ারকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে। আজ রোববার সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পিকআপ ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হয়।

​
ভ্যান থেকে নেমে বখতিয়ার হেঁটেই যাচ্ছিলেন। কিন্তু আলোকচিত্রীরা ছবি তুলতে শুরু করলে তিনি হুইল চেয়ারে বসে পড়েন। এ সময় তাঁর হাতে ছিল ক্রাচ।

গত জানুয়ারিতে বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তাঁর আইনজীবী আবেদন করে দুই দফায় তারিখ পরিবর্তন করেন। অভিযোগ রয়েছে, আয়েশে থাকার জন্য বারবার অসুস্থতার কথা বলে বখতিয়ার হাসপাতালে ভর্তি হচ্ছেন। আর কালক্ষেপণ করতে বিচার কার্যক্রম বারবার পেছানো হয়েছে।

হেঁটে কিছুটা গেলেও আলোকচিত্রীদের ছবি তুলতে দেখে হুইল চেয়ারে বসে পড়েন বখতিয়ার। ছবি: হাসান রাজা
হেঁটে কিছুটা গেলেও আলোকচিত্রীদের ছবি তুলতে দেখে হুইল চেয়ারে বসে পড়েন বখতিয়ার। ছবি: হাসান রাজা

এই বখতিয়ার আলম নেশাগ্রস্ত অবস্থায় গত বছরের ১৩ এপ্রিল গভীর রাতে রাজধানীর নিউ ইস্কাটনে প্রাডো গাড়ি থেকে তাঁর পিস্তল দিয়ে চার-পাঁচটি গুলি ছোড়েন। এতে রিকশাচালক আবদুল হাকিম ও দৈনিক জনকণ্ঠর অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। হাকিম ১৫ এপ্রিল ও ইয়াকুব ২৩ এপ্রিল মারা যান। এ ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রাতে রমনা থানায় হত্যা মামলা করেন। ডিবি পুলিশ সূত্রবিহীন এই মামলায় তথ্যপ্রযুক্তি ও দৈনিক জনকণ্ঠর ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি) সহায়তায় সাংসদপুত্রের প্রাডো গাড়ি এবং তাঁর ছেলে বখতিয়ারের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।

কারা সূত্র জানায়, বখতিয়ার কারাগারে ডিভিশনভোগী আসামি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারাধ্যক্ষ মো. নেছার আলম গত বুধবার রাতে প্রথম আলোকে বলেন, বখতিয়ার অর্থোপেডিক সমস্যায় ভুগছেন—কারা কর্তৃপক্ষকে এ কথা বলার পর চিকিৎসকের পরামর্শে গত ৩১ জানুয়ারি তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি সেখানেই আছেন। কারাধ্যক্ষ এই কথা বললেও গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, বখতিয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধীন ১১০ নম্বর ভিআইপি কেবিনে চিকিৎসাধীন। তাঁর তত্ত্বাবধানকারী চিকিৎসক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক এস এম হাফিজ বলেন, বখতিয়ারের কিডনির সমস্যা রয়েছে। এ ছাড়া রাতে তাঁর ঘুম হয় না। এ কারণে তাঁকে সাইকোথেরাপি দেওয়া হচ্ছে। তাঁকে শিগগিরই ছেড়ে দেওয়া হবে।

হাসপাতাল থেকে পিকআপ ভ্যানে করে সাংসদপুত্র বখতিয়ারকে নিয়ে ​যাওয়া হয় আদালতে। ছবি: হাসান রাজা
হাসপাতাল থেকে পিকআপ ভ্যানে করে সাংসদপুত্র বখতিয়ারকে নিয়ে ​যাওয়া হয় আদালতে। ছবি: হাসান রাজা

হাসপাতাল ও কারা সূত্র জানায়, এর আগেও বখতিয়ার অসুস্থতার কথা বলে চার দফায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে ভর্তি হয়েছিলেন। কিন্তু চিকিৎসকেরা তাঁর কোনো রোঁগ খুজে পাননি।

আরও পড়ুন: