সাংসদপুত্র বখতিয়ারকে আদালতে হাজির করা হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের রিমান্ড শেষে সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে আজ রোববার আদালতে হাজির করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর নিউ ইস্কাটন রোডে জোড়া খুনের মামলায় বখতিয়ারকে গত বুধবার দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নেয় ডিবি। গতকাল শনিবার তাঁর রিমান্ডের চতুর্থ দিন শেষ হয়েছে। আজ তাঁকে আদালতে পাঠানো হবে। প্রয়োজনে আবার রিমান্ডের আবেদন করা হতে পারে।
চার দিনের রিমান্ডে ডিবির জিজ্ঞাসাবাদে বখতিয়ার বলেন, গত ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে তাঁর প্রাডো গাড়িটি যানজটে পড়ে। এতে তিনি বিরক্ত হয়ে তাঁর লাইসেন্স করা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়েছিলেন। তবে এতে দুজনের মৃত্যু হয়েছে, তা তিনি জানতেন না।
ডিবির কর্মকর্তারা জানান, প্রথম দফার চার দিনের রিমান্ডেও বখতিয়ার পিস্তল থেকে গুলি ছোড়ার কথা স্বীকার করেছিলেন। তবে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। বখতিয়ারের গাড়িচালক ইমরান ফকির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনার সময় গাড়িতে থাকা বখতিয়ারের দুই বন্ধুও আদালতে জবানবন্দি দেন। মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার রাজীব আল মাসুদ গতকাল প্রথম আলোকে বলেন, তাঁদের বক্তব্য যাচাই করতে বখতিয়ারকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হয়। প্রয়োজনে আবার রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।
পুলিশ ও আদালতে তিনজনের দেওয়া জবানবন্দি অনুযায়ী, ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটন রোডে প্রাডো গাড়ি থেকে নেশাগ্রস্ত অবস্থায় বখতিয়ার এলোপাতাড়ি গুলি ছুড়লে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। সংরক্ষিত নারী আসনের সাংসদ ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান বখতিয়ার আলমের মা।