সাংসদপুত্র বখতিয়ারের জামিন আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাংসদপুত্র বখতিয়ার আলম রনির জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামছুন নাহার এ আদেশ দেন।
গতকাল এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। গতকাল রাষ্ট্রপক্ষে সময়ের আবেদন করা হয়। আবেদনে বলা হয়, মামলার বাদী মনোয়ারা বেগম অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। শুনানি শেষে আদালত সময় আবেদন মঞ্জুর করে ৮ মে নতুন তারিখ ধার্য করেন। গতকাল বখতিয়ারের পক্ষে তাঁর আইনজীবী কাজী নজিবুল্লাহ জামিনের আবেদন করেন। আদালত তা নাকচ করে দেন।
বখতিয়ার মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সংরক্ষিত আসনের সাংসদ পিনু খানের ছেলে।
গত বছরের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে মদ্যপ অবস্থায় বখতিয়ার গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। ওই ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম রমনা থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন। ৩১ মে বখতিয়ারকে আটক করে পুলিশ।