সাংসদপুত্র রনির বিরুদ্ধে মামলায় আরও শুনানি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোবাসে ওঠার আগে পরিচিতদের সঙ্গে আদালত চত্বরে কথা বলছেন বখতিয়ার আলম রনি। প্রথম আলো ফাইল ছবি।
মাইক্রোবাসে ওঠার আগে পরিচিতদের সঙ্গে আদালত চত্বরে কথা বলছেন বখতিয়ার আলম রনি। প্রথম আলো ফাইল ছবি।

আওয়ামী লীগের সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম ওরফে রনির বিরুদ্ধে গুলি চালিয়ে দুজনকে হত্যা মামলার রায় আজ মঙ্গলবার হচ্ছে না। এই মামলার বিচারক আরও যুক্তিতর্কের প্রয়োজন মনে করায় রায় ঘোষণার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

আজ ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আল মামুনের আদালতে আলোচিত হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে অতিরিক্ত সরকারি কৌঁসুলি আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, আদালত অধিকতর শুনানির প্রয়োজন মনে করেছেন। তাই আজ রায় ঘোষণা হচ্ছে না। রায়ের আদেশ প্রত্যাহার করে অধিকতর শুনানির দিন ঠিক করা হবে।

বখতিয়ার আলম রনি। প্রথম আলো ফাইল ছবি।
বখতিয়ার আলম রনি। প্রথম আলো ফাইল ছবি।

রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১০ এপ্রিল রায় ঘোষণার এই দিন ধার্য করেছিলেন আদালত।

২০১৫ সালের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। গুলিতে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।

এ ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় মামলা করেন।

তোয়ালে দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা বখতিয়ার আলমের। মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে তাঁকে আদালতে নেওয়ার সময় তোলা ছবি l প্রথম আলো ফাইল ছবি।
তোয়ালে দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা বখতিয়ার আলমের। মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে তাঁকে আদালতে নেওয়ার সময় তোলা ছবি l প্রথম আলো ফাইল ছবি।

সূত্রবিহীন এই মামলায় তথ্যপ্রযুক্তি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি) সহায়তায় সাংসদ-পুত্রের প্রাডো গাড়ি এবং তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গাড়ির সূত্র ধরে একই বছরের ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে রনিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।