সাংসদপুত্র রুমন এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রিফাত আমিনের ছোট ছেলে রাশেদ সরোয়ার ওরফে রুমনকে (৩২) এবার চাঁদাবাজির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল রোববার বেলা দেড়টার দিকে সাতক্ষীরা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুটি চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা জানান, রাশেদ সরোয়ারের বিরুদ্ধে ১২ সেপ্টেম্বর জেলা যুবলীগের সাবেক সহসভাপতি জুলফিকার আলী একটি মামলা করেন। মামলায় জুলফিকার আলীকে মারধর ও তাঁর কাছে চাঁদা দাবির অভিযোগ করা হয়। এ ছাড়া গত ২৪ আগস্ট সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি রাশেদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে অন্য একটি মামলা করেন।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ হাশমী জানান, রাশেদ সরোয়ারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করে আসছিল। গতকাল দুপুরে উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম ও তাইজুর রহমানের নেতৃত্বে শহরের চৌরঙ্গী এলাকার একটি গলিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চেষ্টা করেও রাশেদের সঙ্গে অভিযোগের বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। গ্রেপ্তারের পরপরই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শ্যামনগর থানার ওসি ইনামুল হক গত ১৯ মে রাতে বলেছিলেন, রাশেদ সরোয়ারকে উপজেলার সুন্দরবন-সংলগ্ন বরসা রিসোর্টের একটি কক্ষ থেকে ওই দিন বিকেল চারটায় তিনজন নারীসহ গ্রেপ্তার করা হয়। রুমনের কাছ থেকে তাঁর মা রিফাত আমিনের নামে নিবন্ধন করা পিস্তল ও ৪৩টি গুলি উদ্ধার করা হয়। সাংসদের গাড়ি নিয়ে তিনি ওই রিসোর্টে গিয়েছিলেন। পরে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা দিয়ে রাশেদকে আদালতে পাঠানো হয়। তিন নারীকে ছেড়ে দেওয়া হয়। পরে জামিনে মুক্তি পান রাশেদ।

সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা দেবদাস পাল অভিযোগ করেছেন, সোনা
চোরাচালান মামলায় সন্দেহজনক আসামি হিসেবে তাঁর ছেলে মিলন পালকে পুলিশ ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করে। মিলন গ্রেপ্তার হওয়ার পর সাংসদের ছেলে রাশেদ তাঁদের সদর উপজেলার মাগুরা এলাকার বাড়ি থেকে কয়েক দফায় সম্পদ লুট করে নিয়ে যান। মিলনের প্রাইভেট কার বাড়ি থেকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় ব্যক্তিরা রাশেদকে মারধর করেন।

সাংসদ রিফাত আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বলেন, তাঁর ছেলেকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে।

মিলন পালের অভিযোগের বিষয়ে সাংসদ বলেন, মিলনের সঙ্গে তাঁদের ব্যবসা ছিল। সাতক্ষীরা সদর থানার ওসিকে জানিয়েই মিলনের মাগুরার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসা হয়েছিল। তবে ওসি ফিরোজ হোসেন মোল্যা বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।