সাংসদপুত্রকে আদালতে আনা হয়নি, তাই সাক্ষ্য গ্রহণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলার আসামি সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে আদালতে হাজির না করায় সাক্ষ্য গ্রহণ হয়নি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সাক্ষ্য গ্রহণ পেছাল। ২৫ মে সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার ঢাকার ২ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুন্নাহার এই দিন ধার্য করেন।

ওই আদালতের পেশকার শামীম আহম্মেদ প্রথম আলোকে বলেন, আসামি রনিকে আদালতে হাজির করা হয়নি। তাই রাষ্ট্রপক্ষ থেকে সময় আবেদন করা হয়েছে। আদালত ২৫ মে নতুন দিন ধার্য করেছেন। একই দিন আদালতে রনিকে হাজির করতে নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে গত ৮ এপ্রিল আসামি রনিকে আদালতে হাজির করা হলেও মামলার বাদী আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আজ দিন ধার্য করা হয়েছিল।
গত ৬ মার্চ এ মামলায় বখতিয়ার আলম রনি বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। জোড়া খুনের এ মামলায় গত বছরের ২১ জুলাই রনিকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রনি মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংসদ পিনু খানের ছেলে।
গত বছরের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। গুলিতে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।