সাংসদপুত্রকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে

দ্বিতীয় দফা রিমান্ডেও সাংসদপুত্র বখতিয়ার আলম রনি নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি সংরক্ষিত নারী আসনের সাংসদ ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খানের ছেলে।
বখতিয়ারকে রাজধানীর নিউ ইস্কাটন রোডে জোড়া খুনের মামলায় গত বুধবার দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নিয়েছে তদন্তকারী সংস্থা ডিবি। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল শুক্রবার বখতিয়ারের রিমান্ডের তৃতীয় দিন পার হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, গত ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে তাঁর প্রাডো গাড়িটি যানজটে পড়ে। এতে তিনি বিরক্ত হয়ে তাঁর লাইসেন্স করা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়েছিলেন।
ডিবির কর্মকর্তারা জানান, প্রথম দফায় ৯ জুন বখতিয়ারকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। তখনো তিনি জিজ্ঞাসাবাদে পিস্তল থেকে গুলি ছোড়ার কথা স্বীকার করেছিলেন। তবে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।
তদন্ত-সংশ্লিষ্ট ডিবির কর্মকর্তারা বলেন, বখতিয়ারের গাড়িচালক ইমরান ফকির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেদিন গুলি ছোড়ার সময় গাড়িতে থাকা বখতিয়ারের দুই বন্ধুও আদালতে জবানবন্দি দেন। তাঁদের বক্তব্য যাচাই করতে বখতিয়ারকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস।
পুলিশ ও আদালতে তিনজনের দেওয়া জবানবন্দি সূত্রে জানা গেছে, ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটন রোডে প্রাডো গাড়ি থেকে নেশাগ্রস্ত অবস্থায় বখতিয়ার এলোপাতাড়ি গুলি ছুড়লে রিকশাচালক আবদুল হাকিম ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। এ ঘটনায় ১৫ এপ্রিল রাতে রমনা থানায় মামলা করেন হাকিমের মা মনোয়ারা বেগম। ৩১ মে বখতিয়ার ও তাঁর গাড়িচালক ইমরান ফকিরকে গ্রেপ্তার করে ডিবি।