সাংসদপুত্রের পিস্তলের লাইসেন্স বাতিলের আবেদন ডিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে জোড়া খুনের মামলার আসামি সাংসদপুত্র বখতিয়ার আলম রনির পিস্তলের লাইসেন্স বাতিলের আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে এ আবেদন করা হয়েছে।
গত ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে বখতিয়ার তাঁর লাইসেন্স করা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে দুজন শ্রমজীবী মানুষকে খুন করেছেন বলে ইতিমধ্যে ডিবি পুলিশ নিশ্চিত হয়েছে। মামলার তদন্ত-তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার রাজীব আল মাসুদ বখতিয়ারের পিস্তলের লাইসেন্স বাতিলের আবেদন করার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে বখতিয়ার কাশিমপুর কারাগারে আছেন।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই দীপক কুমার দাস বখতিয়ারের পিস্তলের লাইসেন্স বাতিল চেয়ে ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা দেন। এতে বলা হয়, বখতিয়ার মদ পান করে মাতাল অবস্থায় তাঁর লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি ছুড়ে নিউ ইস্কাটনে দুজন নিরীহ মানুষকে হত্যা করেছেন। তিনি লাইসেন্স করা এই পিস্তলের অপব্যবহার করে আসছেন বলে ডিবির কাছে তথ্য রয়েছে। তিনি পিস্তল ব্যবহারের যোগ্যতা হারিয়েছেন।