সাংসদপুত্রের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২ ফেব্রুয়ারি
রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় সাংসদপুত্র বখতিয়ার আলম ওরফে রনির বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠন বিষয় আগামী ২ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামছুন নাহার এ দিন ধার্য করেন।
এই মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল গতকাল রোববার। আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য প্রস্তুত না থাকায় সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।
গত বছরের ২১ জুলাই বখতিয়ার আলম রনিকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। আসামি বখতিয়ার আলম মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাংসদ পিনু খানের ছেলে।
১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে মদ্যপ অবস্থায় রনি নিজ গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন বলে অভিযোগ ওঠে। এতে রিকশা চালক হাকিম ও অটোরিকশা চালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় মামলা করেন। গত ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলমকে আটক করে পুলিশ।