সাংসদপুত্রের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাংসদপুত্র বখতিয়ার আলম ওরফে রনির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে ২ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গতকাল সোমবার আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামছুন নাহার এদিন ধার্য করেন। এর আগে ২২ নভেম্বর শুনানির ধার্য তারিখ ছিল। তখন আসামিপক্ষ সময়ের আবেদন করলে আদালত ৪ জানুয়ারি দিন ধার্য করেছিলেন। গতকাল ধার্য তারিখে আসামিপক্ষের আইনজীবী আবার সময়ের আবেদন করে বলেন, অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য তাঁদের প্রস্তুতি নেই।
গত বছর ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি নিজ গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান। ওই ঘটনায় ১৫ এপ্রিল রমনা থানায় খুনের মামলা হয়। এরপর ৩১ মে বখতিয়ারকে তাঁর এলিফ্যান্ট রোডের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষে গত ২১ জুলাই বখতিয়ার আলম রনিকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।