রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় সাংসদপুত্র বখতিয়ার আলম ওরফে রনির বিরুদ্ধে মামলায় আগামী ৪ জানুয়ারি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গতকাল রোববার আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামছুন নাহার এই দিন ধার্য করেন। গতকাল এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা সময় বাড়ানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এই জোড়া খুনের মামলায় চলতি বছরের ২১ জুলাই বখতিয়ার আলমকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বখতিয়ার আলম মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংসদ পিনু খানের ছেলে।
গত ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। গুলিতে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। ওই ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় এই মামলা করেন। ৩১ মে বখতিয়ার আলমকে আটক করে পুলিশ।