সাংসদপুত্রের রিমান্ড শুনানি ২৪ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারে থাকা সাংসদপুত্র বখতিয়ার আলম রনির সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল রোববার আবার আদালতে আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৪ জুন তাঁর রিমান্ড বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে। বখতিয়ারের মা পিনু খান সংরক্ষিত আসনের সাংসদ ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক দীপক কুমার দাস গতকাল বিকেলে বখতিয়ারের সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করেন। ঢাকার মহানগর হাকিম আমিনুল হক আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ২৪ জুন ধার্য করেন।
গত ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে সাংসদপুত্রের এলোপাতাড়ি গুলিতে নিহত হন রিকশাচালক আবদুল হাকিম এবং আহত হন দৈনিক জনকণ্ঠ পত্রিকার অটোরিকশাচালক ইয়াকুব আলী। পরে তিনি হাসপাতালে মারা যান। জোড়া খুনের ঘটনায় ডিবি পুলিশ বখতিয়ার ও তাঁর গাড়িচালক ইমরান ফকিরকে শনাক্ত করে। গত ৩১ মে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ জুন ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, বখতিয়ার নেশাগ্রস্ত অবস্থায় প্রাডো গাড়ি থেকে লাইসেন্স করা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। ওই দিন বখতিয়ারকে চার দিনের রিমান্ডে নেওয়ার পর তিনি অসুস্থতার ভান করায় জিজ্ঞাসাবাদ করা যায়নি।