সাংসদসহ আ.লীগের ৪৭ নেতার বিরুদ্ধে মামলা
জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় স্থানীয় সাংসদসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত ব্যবসায়ী বেলাল হোসেনের স্ত্রী জহুরা বেওয়া ঘটনার দুই দিন পর গতকাল বৃহস্পতিবার আদালতে মামলাটি করেন। জানা গেছে, গত মঙ্গলবার স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা সঞ্চৃতিসৌধে ফুল দিতে যান। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ এড়াতে পুলিশ বিএনপিকে ফুল দিতে বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশ ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বিএনপির কর্মী ও ব্যবসায়ী বেলাল হোসেন (৪৫) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় জহুরা বেওয়া গতকাল দুপুরে জামালপুরের ‘খ’ অঞ্চল আমলি আদালতে মামলা করেন। বিচারিক হাকিম মো. আলমগীর হোসেন মামলাটি আমলে নিয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ মামলায় সাংসদ ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন উপজেলা যুবলীগের সভাপতি মন্টু লাল, তারাকান্দি ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি আবুল হোসেন, সাংসদের ফুফাতো ভাই নূর-ই-আলম, সরিষাবাড়ী কলেজ ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান। জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের আওয়ামী লীগের সাংসদ মুরাদ হাসান বলেন, ‘আমাকেসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।’ বেলাল হোসেনের স্ত্রী জহুরা বেওয়া বলেন, সরিষাবাড়ী থানায় মামলা না নেওয়ায় তিনি আদালতে মামলা করতে বাধ্য হয়েছেন। সরিষাবাড়ী থানার ওসি এ কে এম কামরুল আহসান বলেন, ‘জহুরা বেওয়া থানায় মামলা করতে আসেননি।’