ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন শিক্ষকসহ দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় সাংসদসহ সাত আসামির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১৬ ফেব্রুয়ারি মামলাটির প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে। এ-সংক্রান্ত আদেশ গতকাল মঙ্গলবার ময়মনসিংহ পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে পৌঁছেছে।
গত ২৭ নভেম্বর ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ মারা যান। আর অপর ব্যক্তি পুলিশের ধাওয়া খেয়ে মারা যান। এ ঘটনায় ২১ ডিসেম্বর ওই কলেজের শিক্ষক এস এম আবুল হাসেম বাদী হয়ে ময়মনসিংহের ২ নম্বর আমলি আদালতে সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার আসামিরা হলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সাংসদ মোসলেম উদ্দিন, তাঁর ছেলে ইমদাদুল হক, ফুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন খান, উপাধ্যক্ষ আমজাদ হোসেন, ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাক খান রাজিব, এসআই রফিকুল ইসলাম ও রতন।
আদালত সূত্রে জানা যায়, ২২ ডিসেম্বর ২ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহবুবুল হক মামলাটি তদন্তের জন্য জেলা পুলিশ সুপারকে আদেশ দেন। আদেশটি গতকাল ময়মনসিংহের পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছেছে। আদালত আদেশে অতিরিক্ত পুলিশ সুপারের নিচে নন এমন পুলিশ কর্মকর্তাকে দিয়ে মামলাটি তদন্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। মেডিকেল রিপোর্টসহ আগামী ১৬ ফেব্রুয়ারি প্রতিবেদনটি আদালতে জমা দিতে হবে।
ময়মনসিংহের এসপি সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘আদালতের আদেশ পেয়েছি। যত দ্রুত সম্ভব তদন্ত শুরু করা হবে।’