নাটোর-১ (লালপুর-বাগাতিপড়া) আসনের সাংসদ শেফালী মমতাজ ও গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইউনুস আলীসহ কলেজটির পরিচালনা পর্ষদের নয় সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। শিক্ষক নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই মামলা হয়। লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই পর্ষদের সদস্য ইসাহাক আলী গত রোববার লালপুর সহকারী জজ আদালতে মামলাটি করেন। ইতিমধ্যে এর ওপর শুনানি শেষে আদালত কলেজের বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রমের ওপর ৩০ দিনের নিষেধাজ্ঞা জারি করেছেন। মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুরের ওই কলেজে শিক্ষক নিয়োগের লক্ষ্যে সম্প্রতি কলেজ অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী সাংসদ শেফালী মমতাজের সঙ্গে যোগসাজশে পছন্দের ব্যক্তিদের নিয়ে একটি নিয়োগ বোর্ড গঠন করেন। সাংসদ পরিচালনা পর্ষদের সভাপতি। নিয়োগ বোর্ড ৩ ও ৪ মে হিসাববিজ্ঞান, গ্রন্থাগার বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ইতিহাস বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন করে। কিন্তু প্রকৃত মেধা যাচাই ছাড়া মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। নিয়োগ বৈধ করার লক্ষ্যে অধ্যক্ষ তড়িঘড়ি করে ৭ মে কলেজ ক্যাম্পাসের পরিবর্তে সাংসদের নাটোরের বাসভবনে পরিচালনা পর্ষদের বৈঠক ডেকে নিয়োগের সুপারিশ আদায় করেন।
মামলার বাদী ছাড়াও পর্ষদের আরও দুই সদস্য ইকবাল হোসেন ও জাকিরুল ইসলাম অভিযোগ করেন, অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগের প্রতিবাদ করায় ৭ মের ওই বৈঠকে তাঁদের ডাকা হয়নি। অধ্যক্ষ ৮ ও ৯ মে কলেজে না এসে নিজ বাড়িতে বসে পুরো নিয়োগ-প্রক্রিয়া শেষ করেন। তবে অধ্যক্ষ ইউনুস আলী বলেন, নিয়োগ-প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি। নিয়োগ বোর্ড গঠনের সময় পরিচালনা পর্ষদের ১২ সদস্যই উপস্থিত ছিলেন। মামলায় পরিচালনা পর্ষদের অভিযুক্ত নয় সদস্যের আরেকজন উপজেলা কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান লাভলু বলেন, নিয়োগ সুষ্ঠু হয়েছে। কোনো টাকার লেনদেন হয়নি। অভিযোগ বিষয়ে সাংসদের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে বারবার কল করেও তাঁকে পাওয়া যায়নি। সূত্র জানায়, নিয়োগ দেওয়া পদগুলোতে গত বছরের ১৯ জুলাই একবার পরীক্ষা হয়। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে বাবুল আকতার, হিসাববিজ্ঞান বিভাগে নাবিউল ইসলাম, ইংরেজি বিভাগে ছালেহা খাতুন ও মাইনুল আলমকে নির্বাচিত করে নিয়োগের সুপারিশ করে তৎকালীন নিয়োগ বোর্ড। কিন্তু পরিচালনা পর্ষদ কোনো অজুহাত ছাড়াই ২০ নভেম্বর বোর্ডের সুপারিশ বাতিল করে পুনর্নিয়োগের সিদ্ধান্ত নেয় এবং ২ ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই ঘটনায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে নিয়োগের সুপারিশ পাওয়া প্রার্থী ও নাটোর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক বাবুল আকতার গত ৭ জানুয়ারি জেলা জজ আদালতে মামলা করেছিলেন। মামলায় আদালত ইসলামের ইতিহাস ও ইংরেজি বিষয়ে নতুন করে নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।