সাংসদসহ সংশ্লিষ্টদের ক্ষমা চাওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে স্থানীয় সাংসদের উপস্থিতিতে এক স্কুলের প্রধান শিক্ষককে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় ওই সাংসদসহ জড়িত সবাইকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। অন্যথায় শিক্ষক সমাজ তা কোনোভাবেই মেনে নেবে না।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিগুলোর এই জোট। ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব এ এস এম মাকসুদ কামালের নামে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে স্থানীয় সাংসদের সমালোচনা করে বলা হয়, এমপির ভূমিকায় মনে হয়েছে যেন তিনিই প্রধান শিক্ষক আর শ্যামল কান্তি ভক্ত তাঁর দুষ্টু ছাত্র। একজন শিক্ষকের সঙ্গে এ ধরনের নির্মম ও লজ্জাজনক আচরণে গোটা জাতি লজ্জিত ও স্তম্ভিত। স্থানীয় সাংসদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই এই চূড়ান্ত অসভ্যতা ও বেআইনি ঘটনাটি ঘটেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ​নিশ্চিত করতে হবে।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শ্রেণিকক্ষে ‘ধর্ম নিয়ে কটূক্তি’র অভিযোগে গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্থানীয় সাংসদ (জাতীয় পার্টি) এ কে এম সেলিম ওসমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনা ঘটে। তবে প্রধান শিক্ষকের অভিযোগ, বিদ্যালয় পরিচালনা কমিটির দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
এ ঘটনার খবর বিভিন্ন পত্রিকার পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অবশ্য এ বিষয়ে সাংসদ সেলিম ওসমান সাংবাদিকদের বলেছেন, থানার বিপুলসংখ্যক পুলিশ, উপজেলা চেয়ারম্যান, ইউএনও ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত লোকজনকে শান্ত করতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উত্তেজিত জনরোষ থেকে প্রাণে রক্ষা করে পুলিশি হেফাজতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। আর এলাকার লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক স্বেচ্ছায় মাফ চেয়েছেন, কানে ধরেছেন।