সাংসদসহ সাতজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ নিয়োগে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাংসদ নূরুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ আরও ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার তালা উপজেলার কুমিল্লা মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক আবদুল গফুর মোড়ল বাদী হয়ে পাইকগাছার জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার অপর আসামিরা হচ্ছেন খুলনার দিঘলিয়া উপজেলার আলহাজ সারোয়ার খান ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হাবিবুল্লাহ বাহার হাবিব, পাইকগাছা উপজেলার কপিলমুনি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ত্রিদিব কান্তি মণ্ডল, নিয়োগ বোর্ডের সদস্য কালিদাস চন্দ্র চন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইবিএস) বিভাগের পরিচালক মো. শহীদুল্লাহ ও বিএল কলেজের অধ্যক্ষ গুলশান আরা বেগম।
এ বিষয়ে কথা বলতে সাংসদ নূরুল হকের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি।
মামলার বাদী বলেন, সাংসদ নূরুল হক কপিলমুনি মহাবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি। সম্প্রতি কপিলমুনি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ওই পদে আবদুল গফুরসহ মোট ১৮ জন আবেদন করেন। গত ৭ আগস্ট খুলনার বিএল কলেজে নিয়োগ পরীক্ষায় তিনি হাজিরও হন। এ সময় হরিঢালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা ও তাঁর ভাই বিএল কলেজের শিক্ষক হারুন সরদারের মাধ্যমে তাঁর (আবদুল গফুর) কাছে ২০ লাখ টাকা দাবি করেন সাংসদ।
এ কারণে তিনিসহ ১৬ জন পরীক্ষা না দিয়েই ফিরে আসেন। পরে আসামিরা পরস্পরের যোগসাজশে অনিয়মের আশ্রয় নিয়ে এবং বিপুল টাকার বিনিময়ে হাবিবুল্লাহ বাহার হাবিবকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন।