সাংসদের অনুরোধে শিক্ষার্থীদের ধর্মঘট স্থগিত
ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশিদের অনুরোধে আগামীকাল বুধবারের ছাত্র ধর্মঘট স্থগিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদ। গত সোমবার ওই ধর্মঘটের ডাক দেওয়া হয়।
আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধার, নতুন হল নির্মাণ ও ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরসহ বিভিন্ন দাবিতে তাঁরা এই অবরোধ কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক ভবনের সামনে থেকে মিছিল বের করে সংগ্রাম পরিষদ। সোয়া ১২টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে প্রায় ১৫টি টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসের ভেতরে থাকা বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে দেন শিক্ষার্থীরা। এতে ব্যাংকের ভেতরে অনেকেই আটকা পড়েন। এ ছাড়া অবরোধের কারণে সদরঘাট থেকে গুলিস্তান সড়কে যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। বেলা একটার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে আবার শহীদ রফিক ভবনের সামনে সমাবেশ করেন।
সমাবেশে হল উদ্ধার সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন করার কারণে হল উদ্ধার সংগ্রাম পরিষদের সদস্য সচিব ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে প্রশাসন। তাঁকে ক্যাম্পাস থেকেও সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। এভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের একটি অংশ আন্দোলনকে ভিন্ন খাতে নিতে চাইছে। তাই সিরাজুলের বিরুদ্ধে মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে কাল বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করা হবে।
শরিফুল ইসলাম আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে গঠিত বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধার কমিটির আহ্বায়ক ও ঢাকা-৬ আসনের সাংসদ ফিরোজ রশিদের অনুরোধে কাল বুধবারের ছাত্র ধর্মঘট স্থগিত করা হয়েছে। পরে আবার ছাত্র ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।