
ভাটি অঞ্চলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত চিকিৎসক সন্তপদ রায়ের যুক্তরাষ্ট্রপ্রবাসী পরিবারের অনুষ্ঠানে স্থানীয় সাংসদের লোকজনের হামলার প্রতিবাদে ‘নাগরিক বন্ধন’ ও সমাবেশ করেছেন ক্ষুব্ধ নগরবাসী।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসব কর্মসূচি পালন করে ‘সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন’ নামের একটি সংগঠন।
‘সাংসদ রতনের সন্ত্রাসী বাহিনীর সামন্তযুগীয় হামলার প্রতিবাদ’-এর ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তারা সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনকে অনুষ্ঠানে অতিথি না করায় এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন। তাঁরা বলেন, ভাটি অঞ্চলের শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান ও গরিব রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে গত ৩০ অক্টোবর সুনামগঞ্জের মধ্যনগর শহীদ মিনারের সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাংসদকে প্রধান অতিথি না করায় তাঁর অনুসারীরা মঞ্চ ভাঙচুর করেন। স্থগিত হয়ে যায় অনুষ্ঠান।
সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সংগঠক আবদুল করিম কিমের সঞ্চালনায় সমাবেশে ঘটনার প্রত্যক্ষদর্শী ছাড়াও আলাউদ্দিন, সাইদুল হাসান চৌধুরী, মুজাহিদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
সাংসদ মোয়াজ্জেম হোসেনের দাবি, তিনি ওই দিন ঢাকায় অবস্থান করায় কিছুই জানেন না। তিনি ঘটনার পর শুনেছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজকে অতিথি করায় স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ ক্ষুব্ধ হয়ে মঞ্চ ভাঙচুর করেছে।